ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক সংকটে ভারতে হু হু করে বাড়ছে জ্বালানির দাম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভূরাজনৈতিক সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের জ্বালানি খাতে। পশ্চিম এশিয়ার রাজনৈতিক সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভারতে হু হু করে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। দেশের বাজারে গত ১০ দিনে জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৭ রুপিরও বেশি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দেওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে আগামী এক বছর সোনা না কেনারও আহ্বান জানিয়েছেন।
মূল্যবৃদ্ধির এই ধারাবাহিকতায় রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রথমবারের মতো শতকের ঘর (সেঞ্চুরি) পার করেছে। গত শনিবার সেখানে খুচরা পর্যায়ে লিটার-প্রতি পেট্রোলের দাম ২ দশমিক ৬১ রুপি এবং ডিজেলের দাম ২ দশমিক ৭১ রুপি বৃদ্ধি পায়। ফলে রোববার থেকে রাজধানীতে প্রতি লিটার পেট্রোল ১০২ দশমিক ১২ রুপিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে শতকের কাছাকাছি পৌঁছানো ডিজেলের নতুন দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৫ দশমিক ২০ রুপি।
শুধু নয়াদিল্লিই নয়, জ্বালানির এই ঊর্ধ্বমুখী আঁচ লেগেছে ভারতের অন্য রাজ্যগুলোতেও। পশ্চিমবঙ্গে পেট্রোল-ডিজেলের দাম লাফিয়ে বেড়েছে; কলকাতায় লিটার-প্রতি ২ দশমিক ৮৭ রুপি বেড়ে পেট্রোলের নতুন দাম হয়েছে ১১৩ দশমিক ৫১ রুপি এবং ২ দশমিক ৮০ রুপি বৃদ্ধিতে ডিজেল বিক্রি হচ্ছে ৯৯ দশমিক ৮২ রুপিতে। এ ছাড়া মহারাষ্ট্রের মুম্বাইতে পেট্রোল ২ দশমিক ৭২ রুপি বেড়ে ১১১ দশমিক ২১ রুপি এবং ডিজেল ২ দশমিক ৮১ রুপি বেড়ে ৯৭ দশমিক ৮৩ রুপিতে ঠেকেছে। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর চেন্নাইতেও পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ১০৭ দশমিক ৭৭ রুপি এবং ৯৯ দশমিক ৫৫ রুপি হয়েছে।
দেশটির তেল সরবরাহকারী শীর্ষ প্রতিষ্ঠান যেমন— ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরে চড়া দামে তেল কিনলেও তারা দেশের বাজারে দাম বাড়ায়নি। এর ফলে তেল সংস্থাগুলোর প্রতিদিন প্রায় ১০০০ কোটি টাকা লোকসান হচ্ছিল। মূলত হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হওয়া এবং বিপুল পরিমাণ লোকসানের বোঝা টানতে না পারার কারণেই কোম্পানিগুলো শেষ পর্যন্ত দাম বাড়াতে বাধ্য হয়েছে।
ভারতে মূলত গত ১৫ মে থেকে তেলের দাম এক ধাক্কায় ৩ টাকা বাড়ে। এরপর ১৯ মে ৯০ পয়সা এবং ২৩ মে আরও ৮৭ পয়সা করে পেট্রোলের দাম বাড়ানো হয়। জ্বালানির এই লাগামহীন মূল্যবৃদ্ধির প্রভাব কেবল যাতায়াত খরচে সীমাবদ্ধ নেই, তা গ্রাস করছে সাধারণ মানুষের পুরো জীবনযাত্রাকে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন— দুধ ও রুটির দামও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে, যা সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ সৃষ্টি করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ