ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের উৎসবভাতা বাড়ানোর বিষয়ে সরকারের অবস্থান ইতিবাচক বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে। বাজেটের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রয়োজনে দেরি হলেও পরবর্তীতে তা কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী।
সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষকদের বা সংশ্লিষ্টদের কোনো দাবি থাকলে তা যথাযথভাবে উপস্থাপন করা হলে সরকার তা বিবেচনা করবে। এ জন্য রাস্তায় নেমে আন্দোলনের প্রয়োজন নেই। শিক্ষকদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে সীমিত বরাদ্দের ইঙ্গিত পাওয়া গেছে। বাজেটের আগেই সমাধান আসতে পারে এবং প্রয়োজনে বিভিন্ন খাত সমন্বয় করে হলেও প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সরকারের আর্থিক বিধি ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগলেও অভ্যন্তরীণ আলোচনা অব্যাহত রয়েছে। ঈদের আগেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। দেরি হলে পরবর্তীতে তা কার্যকর (পোস্ট-ইফেক্ট) করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সভায় মাদ্রাসা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গেও আলোচনা হয়। এ বিষয়ে মন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও উপবৃত্তি, মিড-ডে মিল ও পোশাকসহ অন্যান্য সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে কিছু কার্যক্রম পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে, যা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, একসময় মাদ্রাসায় বিনামূল্যে বই দেওয়া হতো না। পরবর্তীতে উদ্যোগ নিয়ে তা চালু করা হয়েছে। আর্থিক ব্যবস্থাপনায় কিছু অসঙ্গতি ধরা পড়লেও সেগুলো সমাধান করে কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়েও পুনর্বিবেচনা চলছে বলে জানান মন্ত্রী। তার মতে, সিলেবাস শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি শিক্ষার্থীদের সময় অপচয়ের কারণ হয়, তাই পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিজিটাল শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর ও কাগজবিহীন শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশকেও ধীরে ধীরে অনলাইন ও স্মার্ট শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাবোর্ডের প্রতিনিধি এবং শিক্ষক-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: জেনে নিন কবে, কোথায় খেলা
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- অনলাইন ক্লাস ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে? যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ এপ্রিল)
- শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিকল্প পথ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
- স্বামীর ছবি শেয়ার করলেন সিমরিন লুবাবা