ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝড়ল ১৯ প্রাণ
নিজস্ব প্রতিবেদক: ঈদের আনন্দের মধ্যেই দেশের তিন জেলায় একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। মাত্র আট ঘণ্টার ব্যবধানে কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনীতে পৃথক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
ঈদের দিন শনিবার (২১ মার্চ) দিবাগত গভীর রাত থেকে রোববার (২২ মার্চ) সকাল ১১টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন, হবিগঞ্জে পিকআপ ভ্যান উল্টে ৪ জন এবং ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত
ঈদের দিন গভীর রাতে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহত হন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুই নারী ও তিন শিশু রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ওয়ান আপ’ ট্রেনটি পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর থাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ট্রেনের যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, রেলগেটের সিগন্যালম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, দুর্ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি হেলাল ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, হাসপাতালে এখন পর্যন্ত ১২ জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ১০ জনের পরিচয় এখনো জানা যায়নি।
হবিগঞ্জে পিকআপ উল্টে নিহত ৪
কুমিল্লার দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে চারজন নিহত হন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী ও এক কিশোরসহ চারজন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে একটি ডিআই পিকআপ খালে উল্টে থাকতে দেখা যায়।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে বা ভোরের দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করার সময় ভেতর থেকে এক নারী, ১২ বছর বয়সী এক কিশোর ও দুই পুরুষের মরদেহ পাওয়া যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ওই এলাকায় একটি লেনে সড়ক মেরামতের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। তখন শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে পেছনে যানজট তৈরি হয়। কিছুক্ষণ পর পেছন থেকে দ্রুতগতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে সজোরে ধাক্কা দিলে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে এক মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে