ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

আমাদের লক্ষ্য যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা: বিমানমন্ত্রী

২০২৬ মার্চ ২১ ১৯:৫৫:০০

আমাদের লক্ষ্য যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও যাত্রীসেবা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

শনিবার (২১ মার্চ) সকালে তিনি বিমানবন্দর পরিদর্শনে আসেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও টার্মিনাল ঘুরে দেখেন এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পবিত্র ঈদের এই দিনে পরিবারের সাথে সময় না কাটিয়ে যারা জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। এ সময় তিনি কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং তাঁদের ঈদের শুভেচ্ছা জানান।

বিমানবন্দরে উপস্থিত দেশি-বিদেশি যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন আফরোজা খানম। তিনি যাত্রীদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণ কামনা করেন। অনেক যাত্রীই ঈদের দিনে মন্ত্রীকে সরাসরি কাছে পেয়ে এবং শুভেচ্ছা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বিমানবন্দরের বর্তমান ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো যাত্রীদের একটি আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা। ঈদের এই সময়েও যে শৃঙ্খলা বজায় রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত