ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গণপরিবহনে জ্বালানি নিয়ে সংকট তৈরি হবে না: মন্ত্রী

২০২৬ মার্চ ১৩ ১৩:০৪:২৩

গণপরিবহনে জ্বালানি নিয়ে সংকট তৈরি হবে না: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণপরিবহনে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট তৈরি হবে না এবং তেলের দাম বাড়ানোরও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আগামী ১৫ মার্চ থেকে পরিবহন খাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

মন্ত্রী জানান, জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি এ বিষয়ে আশ্বস্ত হয়েছেন। ফলে জ্বালানি ঘাটতির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার আশঙ্কা নেই এবং পরিবহন ব্যবস্থায় কোনো ধরনের অচলাবস্থাও সৃষ্টি হবে না।

শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেনযাত্রার প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে আরও আধুনিক ও জনবান্ধব করে তুলতে নির্দেশ দিয়েছেন। যাতে মানুষ কম সময়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে পারে, সে লক্ষ্যে সরকার রেল খাতে বড় ধরনের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ঈদে ঘরমুখো মানুষের চাপের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ রাজধানী ঢাকা ছাড়েন। এত অল্প সময়ের মধ্যে এত মানুষের যাতায়াত বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। এ বিশাল চাপ সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের পরিবহনব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

রেলপথের শিডিউল ঠিক রাখতে লোকোমোটিভ সংকটের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বড় ধরনের শিডিউল বিপর্যয় এড়াতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের পাশাপাশি নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ এবং সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। এছাড়া আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ জ্যাকেট পরা স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে এবং প্রায় প্রতি ৪০০ মিটার অন্তর তাদের অবস্থান থাকবে।

স্টেশন পরিদর্শনের সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ