ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

স্পিকার নির্বাচনের পর মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন

২০২৬ মার্চ ১২ ২১:৪৬:১৮

স্পিকার নির্বাচনের পর মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সরকারের মন্ত্রিসভায় আংশিক রদবদল করা হয়েছে। এর ফলে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে পুনর্বণ্টন করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।

নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।

এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারা মন্ত্রিসভার দায়িত্বে থাকতে পারেন না। এ কারণে মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে মন্ত্রী হিসেবে শপথ পড়ান।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত