ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশের বিশেষ নির্দেশনা

২০২৬ মার্চ ১২ ১৯:১৪:১৪

ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন ধরনের সতর্কতা ও পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদযাত্রা নিরাপদ করতে যাত্রী, চালক এবং পরিবহন সংশ্লিষ্টদের জন্য এই নিরাপত্তা পরামর্শ প্রকাশ করা হয়।

যাত্রীদের উদ্দেশ্যে পুলিশের পরামর্শে বলা হয়েছে, ঈদ ভ্রমণের আগে পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রা পরিকল্পনা করা উচিত। ভ্রমণের সময় নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিতে হবে। চালকদের দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়ার পাশাপাশি অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে বা ট্রাক, পিকআপসহ পণ্যবাহী যানবাহনে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ। যেখানে এসব ব্যবস্থা নেই, সেখানে যানবাহনের গতি-প্রকৃতি দেখে সতর্কভাবে রাস্তা পার হওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে পুলিশ সদস্যদের সহযোগিতা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এছাড়া অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাসচালকদের উদ্দেশ্যে পুলিশ বলেছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করা থেকে বিরত থাকতে হবে। ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানোর পাশাপাশি সবসময় ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাসে অতিরিক্ত যাত্রী তোলা থেকে বিরত থাকার পাশাপাশি মহাসড়কে চলাচলের সময় পুলিশের নির্দেশনা মেনে চলার কথাও বলা হয়েছে।

নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্যও বিশেষ সতর্কতা দিয়েছে পুলিশ। লঞ্চ, স্টিমার বা স্পিডবোটে অতিরিক্ত যাত্রী হয়ে না ওঠা এবং নৌযানের ছাদে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। ঝড় দেখা দিলে যাত্রীদের শান্তভাবে নিজ নিজ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্পিডবোটে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরার কথাও বলা হয়েছে।

নৌযান মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, নির্ধারিত প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ও ড্রাইভার দিয়ে নৌযান পরিচালনা করতে হবে। খারাপ আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ রাখতে হবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত বয়া ও নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।

নৌযান চালকদের আবহাওয়ার পূর্বাভাস জেনে যাত্রা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, যোগাযোগের জন্য মোবাইল ফোন ও রেডিও রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঝড়ের আশঙ্কা দেখা দিলে নৌযান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।

ট্রেন যাত্রীদের উদ্দেশ্যে পুলিশ জানিয়েছে, ট্রেনের ছাদ, বাফার, পাদানি বা ইঞ্জিনে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ না করতে। যাত্রাকালে মালামাল নিজের দায়িত্বে রাখার পাশাপাশি টিকিট ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রয়োজনে সহায়তার জন্য পুলিশ সদরদপ্তর, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, র‌্যাবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার বা স্থানীয় থানার অফিসার ইনচার্জের সঙ্গেও যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত