ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

সংসদের সিদ্ধান্তে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি

২০২৬ মার্চ ০৯ ১৫:২২:৪৬

সংসদের সিদ্ধান্তে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচনী কার্যক্রম ফের চালু করার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রায় ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকারি প্রতিষ্ঠানে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এসব নির্বাচন দলীয় প্রতীক নিয়ে হবে, নাকি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জাতীয় সংসদ। সংসদ থেকে অনুমোদন পেলেই দ্রুত সময়ের মধ্যে ভোট আয়োজনের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, বিদায়ী অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করে একটি অধ্যাদেশ জারি করেছিল। তবে এটি স্থায়ী আইনি রূপ পেতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন। তাই এখন বিষয়টি সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, দেশে বর্তমানে মোট ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ২০২৬ সালে নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি ইউনিয়ন পরিষদ এবং ২০২৭ সালে আরও ৩৪৯টি ইউপিতে ভোট আয়োজনের সময় আসবে।

এছাড়া ইতোমধ্যে ভেঙে দেওয়া ১২টি সিটি কর্পোরেশন, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ এবং ৩৩০টি পৌরসভা এখনই নির্বাচনের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর এবং আগামী বছরের মধ্যে এই বিশাল নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। তাদের মতে, স্থানীয় সরকার নির্বাচন যদি নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়, তাহলে অংশগ্রহণমূলক গণতন্ত্র জোরদার হবে এবং সহিংসতার ঝুঁকিও কমে আসবে। একই সঙ্গে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটার সুযোগ বাড়বে।

এর আগে ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভার নির্বাচিত পরিষদগুলো ভেঙে দেয়। যদিও ইউনিয়ন পরিষদ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়নি, তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থিত অনেক চেয়ারম্যান আত্মগোপনে থাকায় বিভিন্ন এলাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে মাঠপর্যায়ের অনেক প্রতিষ্ঠান কার্যত নির্বাচিত নেতৃত্ব ছাড়াই চলছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত