ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
সংসদকে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের শপথ গ্রহণ ও বর্তমান রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা দাবি করেছেন, বর্তমান সংসদকে স্রেফ আইন সভা হিসেবে দেখলে চলবে না, একে অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে। একই সঙ্গে বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত অপসারণ করে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা। রবিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তি আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে এনসিপির শীর্ষ নেতারা এসব কঠোর বার্তা দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসনিক ও বিচারিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে অনুমোদন করতে হবে। সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে।’ তিনি আরও যোগ করেন যে, ক্ষমতার পালাবদল হলেও জনগণের প্রধান দাবিগুলো যেন ঢাকা না পড়ে। নাহিদ ইসলামের মতে, ‘জুলাই হত্যাকাণ্ডের বিচার ও হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এনসিপিকে সংসদের বাইরে রাজপথে থাকতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে। তারপর অন্য বিচার।’
নতুন সরকারের শুরুতে হোঁচট খাওয়ার ইঙ্গিত দিয়ে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, তা আজ ঝুঁকির মুখে। তিনি বলেন, ‘যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য এত প্রাণ হারানো হয়েছে, কিন্তু নতুন সরকার শপথ নিয়েই আশাহত করেছে। যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল, সেই রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।’ রাষ্ট্রপতির সাংবিধানিক ভাষণকে কেন্দ্র করে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে নিজেদের আপত্তির কথা জানান তিনি।
সরকারের নৈতিক অবস্থান ও দুর্নীতি নিয়ে কঠোর হুশিয়ারি দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ২০০১-২০০৬ মেয়াদের স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, ‘আপনার প্রতি আহ্বান আপনারা ২০০১ থেকে ২০০৬ সালে যে ভুল করেছিলেন, সেটা এবার করবেন না। দুর্নীতিতে ডুবে যাবেন না।’ তিনি আরও অভিযোগ করেন যে, ‘শুনছি রাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলো বাজারের মতো শত শত কোটি টাকায় বিক্রি করছেন। অর্থনীতির কঠিন সময়ে বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে বসানো হয়েছে।’ এই নিয়োগকে তিনি স্বার্থের সংঘাত হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানান।
এনসিপি নেতারা স্পষ্ট করেছেন যে, তাঁরা সংসদে গিয়েছেন কেবল সংস্কারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে, কিন্তু রাজপথের দাবি আদায়ে তাঁরা বিন্দুমাত্র পিছপা হবেন না। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষায় তাঁরা সরকারের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলেও হুশিয়ারি দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ