ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

‘বিএনপি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ’

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৩:৩৫:৪২

‘বিএনপি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বলেন, “জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের সমর্থন দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। জুলাই সনদে থাকা প্রতিটি অঙ্গীকার সরকার গঠনের পর থেকেই কার্যকর উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হবে।”

সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, “রাজনৈতিক সমঝোতার এই ঐতিহাসিক দলিলের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের রায় প্রতিফলিত করতে এবং রাষ্ট্রকে নতুন ধারায় এগিয়ে নিতে সংসদ হবে প্রধান প্ল্যাটফর্ম। প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে যাবে।”

তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথ বিষয়ক প্রশ্নে জানান, “সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো সদস্যকে শপথ পাঠ করানোর এখতিয়ার নেই। তাই এই ধরনের কোনো প্রক্রিয়া আমরা করি নি। রাষ্ট্র পরিচালনা ভবিষ্যতেও পুরোপুরি সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে।”

সালাহউদ্দিন আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ, সরকার গঠন ও রাষ্ট্রপরিচালনার সব প্রক্রিয়া সংবিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও হবে। একই সঙ্গে সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে নেতা নির্বাচিত করে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের চিঠি পাঠানো হয়েছে।

শপথ প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংসদে গিয়ে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। সংশোধনের পর তৃতীয় তফসিলে শপথের ফরম সংযুক্ত করা হবে, যা সংসদ নির্ধারণ করবে।”

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ২(ক) অনুযায়ী তিনি উল্লেখ করেন, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে না পারলে তিন দিনের মধ্যে মনোনীত প্রতিনিধি পাঠাবেন। তাও না হলে প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে শপথ পড়াবেন। এই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারই শপথ করিয়েছেন।

সংসদীয় দলের বৈঠকের সিদ্ধান্তেও তিনি জানান, সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাকে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছে। উপস্থিত সকল সদস্য সেই সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর তারেক রহমান সংসদ সদস্যদের দুটি নির্দেশ দিয়েছেন ১. কোনো সংসদ সদস্য ট্যাক্স-ফ্রি গাড়ি নেবেন না। ২. সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। তিনি বলেন, “আজ থেকে পরিবর্তনের সূচনা। সংসদ সদস্য হলেই কেউ বিশেষ সুবিধাভোগী হবে এ ধারণা বদলাতে হবে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত