×

ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গণতন্ত্র ধ্বংসে বিরোধী দলের নতুন চক্রান্ত চলছে: পানিসম্পদমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১২:৫১:৩৪

গণতন্ত্র ধ্বংসে বিরোধী দলের নতুন চক্রান্ত চলছে: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন করে চক্রান্তে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর দাবি, এ কর্মকাণ্ডের সঙ্গে ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের মিল রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দলের নেতারা যেভাবে গালিগালাজ করেন, সেটিকে তারা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করছেন। তাঁর ভাষায়, ‘এটা হলো বিরোধী দলের গণতন্ত্রের সৌন্দর্য।’ তিনি বলেন, এটিই যদি গণতন্ত্রের সৌন্দর্য হয়ে থাকে, তাহলে দেশের মানুষ তাদের গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও গ্রহণ করবে না। এ কারণে এটিকে গণতন্ত্রের সৌন্দর্যও বলা যাবে না।

পানিসম্পদমন্ত্রী বলেন, গণতন্ত্র ধ্বংস করার উদ্দেশ্যে তারা নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা নিজেরাই বলছে, ১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেলবাজি বন্ধ হবে না।

তিনি বলেন, যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা ওই পাড়ে বসে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের নেতৃত্বে গাড়িতে আগুন দেওয়া, ককটেল মারা এবং ঝটিকা মিছিল করা হচ্ছে। বর্তমান বিরোধী দলের অপকর্ম, কথাবার্তা ও কর্মকাণ্ডের সঙ্গে তাদের কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যায় বলেও মন্তব্য করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের স্মরণ করে দিচ্ছি, এটা জিয়ার দল, এটা খালেদা জিয়ার দল, আন্দোলন করতে করতে এখানে এসেছি, রাজপথ থেকে আমরা উঠে এসেছি, রাজপথে আমরা ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছি।’ আগামী দিনে এই অপশক্তিকে রাজপথে মোকাবিলা করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও সদর (পূর্ব) উপজেলার বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত