ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

তারেক রহমান ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন নুরুল হক নুর

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১৫:২৯:২৯

তারেক রহমান ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিজয় অর্জনের পর জনগণের প্রতি কৃতজ্ঞতা ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর (ভিপি নুর)। তিনি এই বিজয়কে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দেওয়া এক বিবৃতিতে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বলেন, এ জয় গলাচিপা-দশমিনার সাধারণ মানুষের। তাদের নিঃস্বার্থ সমর্থন ও ভালোবাসা তাকে কৃতজ্ঞ করেছে।

জাতীয় পর্যায়ের ব্যস্ততার কারণে সবসময় সরাসরি সবার কাছে যেতে না পারলেও ভোটাররা তার ওপর আস্থা রেখেছেন বলে মন্তব্য করেন তিনি। এই সমর্থন ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও ন্যায়নিষ্ঠভাবে কাজ করার প্রেরণা জোগাবে বলেও জানান।

বিবৃতিতে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলীয় সমর্থন, পরামর্শ ও সহযোগিতা তার নির্বাচনী সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার, জেলা প্রশাসন পটুয়াখালী, গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানান।

এ ছাড়া বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি) ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন দরবার শরিফের গুরুজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ সর্বস্তরের কর্মী-সমর্থকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

নির্বাচনী প্রচারণার সময় হামলা, মামলা ও নির্যাতনের শিকার সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে ভিপি নুর বলেন, প্রতিহিংসা নয় ক্ষমাশীল মনোভাবই মহানুভবতার পরিচয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নেওয়ার কথাও জানান।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, গলাচিপা-দশমিনায় সমতাভিত্তিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। গরিব, কৃষক, শ্রমিক ও প্রান্তিক মানুষের কল্যাণ অগ্রাধিকার পাবে।

তিনি আরও বলেন, এলাকাকে শান্তি-সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তোলা হবে। মাদক, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে জনগণকে নিরাপদ ও নির্বিঘ্ন জীবিকা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান নিশ্চিত করা, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান, সরকারি দপ্তরগুলোকে হয়রানিমুক্ত ও জনবান্ধব করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

সবশেষে নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে নুরুল হক নুর বলেন, জনগণের সমর্থন থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত