ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
ভোটের দিন দেশজুড়ে প্রাণহানি, সংখ্যা বেড়ে ৯
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র ও কেন্দ্রসংলগ্ন স্থানে মৃত্যুর ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। ভোট দিতে গিয়ে, ভোট দিয়ে ফেরার পথে কিংবা দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। কয়েকটি ঘটনায় রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠেছে।
নিহতদের মধ্যে রয়েছেন বিএনপির এক নেতা, একজন প্রিসাইডিং কর্মকর্তা, একজন পোলিং কর্মকর্তা এবং একাধিক সাধারণ ভোটার। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন এলাকায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনায় মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি (৬০) সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। বিএনপির অভিযোগ, কেন্দ্রে ভোট চাওয়ার প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে মাথায় আঘাত পান। মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, কেন্দ্রে উত্তেজনার মধ্যে তাঁকে ধাক্কা দেওয়া হয় এবং পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান ধাক্কা বা মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, একজন অসুস্থ হয়ে পড়েন, কোনো সহিংসতা হয়নি। খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন কেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮) হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রিসাইডিং কর্মকর্তা শামীম আল মামুন জানান, কর্মরত অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
সাতক্ষীরার তালায় ভোট দিতে যাওয়ার পথে অনাথ ঘোষ (৬৫) অসুস্থ হয়ে মারা যান। একইভাবে চট্টগ্রামের কাজীর দেউড়ি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন মো. মনু মিয়া (৫৭)। পরিবারের সদস্যরা জানান, ভোট দেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
কিশোরগঞ্জের ভৈরবে ভোট দিয়ে বের হওয়ার পর রাজ্জাক মিয়া (৫৫) মারা যান। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে দৌড়ানোর সময় তিনি লুটিয়ে পড়েন। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কিশোর কুমার ধর জানান, শরীরে আঘাতের আলামত পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জের শিবালয়ে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে বাবু মিয়া (৭০) মারা যান। প্রিসাইডিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। গাইবান্ধার সাঘাটায় ভোট দিয়ে ফেরার পথে বাছের চৌধুরী (৬০) মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির জানান, এটি স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকার যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে আবু সাঈদ সরকার (৫৩) সিঁড়িতে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী প্রীতি ইসলাম ও হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ময়মনসিংহ-১ আসনে দায়িত্ব পালনকালে প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজাউল করিম (৪৮) অসুস্থ হয়ে মারা যান। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ