ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
এয়ারবাস না কিনলে ইইউ-বাংলাদেশ বাণিজ্যে ধাক্কার শঙ্কা: জার্মান রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিমান খাতে সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে ইউরোপীয় কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। বিশেষ করে বিমানের জন্য উড়োজাহাজ কেনার প্রক্রিয়ায় ইউরোপীয় নির্মাতা এয়ারবাসকে বিবেচনার বাইরে রাখার ইস্যুটি আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কেও সম্ভাব্য প্রভাব ফেলতে পারে বলে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এই উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি জানান, এয়ারবাসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ইইউ–বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের ওপর যেমন প্রভাব ফেলতে পারে, তেমনি জিএসপি প্লাস আলোচনার ধারাতেও এর ছাপ পড়তে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিন এবং বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।
রাষ্ট্রদূত লোটজ বলেন, ‘আমরা বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার এবং আশা করি এই সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, ‘এয়ারবাসের পণ্যমান অত্যন্ত ভালো, বিশেষ করে বাংলাদেশের মতো দ্রুত বিকাশমান বিমানবাজারে এটি একটি কার্যকর ও লাভজনক বিকল্প হতে পারে।’
তার মতে, বড় ধরনের অর্থনৈতিক সিদ্ধান্ত- যেমন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত দ্বিপাক্ষিক আলোচনার সামগ্রিক পরিবেশকে প্রভাবিত করে। যদিও এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত, তবুও প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যৎ আলোচনার মেজাজে প্রভাব ফেলে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি ঢাকায় ফ্রান্স দূতাবাসে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইইউর রাষ্ট্রদূতরা এয়ারবাসকে ‘যৌক্তিকভাবে’ বিবেচনা করার আহ্বান জানান। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের বিমান খাতের প্রবৃদ্ধির সম্ভাবনা বিশাল, তাই এই খাতের বড় সিদ্ধান্তে ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার মার্কিন কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত ঘোষণা করে। এতে ফ্রান্সের কোম্পানি এয়ারবাসের সঙ্গে পূর্ববর্তী সময়ে করা ১০টি বড় উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতিও নতুন করে অনিশ্চয়তায় পড়ে। আওয়ামী লীগ সরকারের সময়ে গতি পাওয়া সেই উদ্যোগ সরকার পরিবর্তনের পর থমকে যায়।
ট্রেড ব্যালান্স কমাতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে গত জুলাইয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, পূর্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এখন বিমানের জন্য ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই এয়ারবাস ইস্যুটি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)