ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

দুদকের আরেক উপপরিচালক বরখাস্ত

২০২৫ আগস্ট ২০ ১৫:২৪:০৬

দুদকের আরেক উপপরিচালক বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আরও এক উপ-পরিচালক কমলেশ মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় কমিশন।এর আগে একই কারণে উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, কমলেশ মন্ডল দায়িত্ব পালনকালে একটি গুরুত্বপূর্ণ দুর্নীতির অনুসন্ধানে সময়মতো প্রতিবেদন দাখিল করেননি। সে কারণেই বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে, প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে ৬ আগস্ট জারি হলেও, বাস্তবে তাকে বরখাস্ত করা হয় ১৭ জুলাই থেকে। তবে অজ্ঞাত কারণে আদেশটি তখন প্রকাশ্যে আনা হয়নি।

দুদক সূত্রে জানা গেছে, ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর প্রকল্প পরিচালক (পিডি) ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঠিকাদারি কাজে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে অনুসন্ধানের দায়িত্ব পান উপ-পরিচালক কমলেশ মন্ডল।

কিন্তু তদন্তকাজে বিলম্ব ও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না দেওয়ায় তা কমিশনের নজরে আসে এবং পরে সংশ্লিষ্ট কর্মকর্তা সম্পর্কে বিভাগীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের অভ্যন্তরীণ প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখতে কমিশন সম্প্রতি এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে। দায়িত্বে অবহেলা ও অনৈতিকতা ঠেকাতে আরও কঠোর নজরদারিরও ইঙ্গিত মিলেছে।

কমিশনের থেকে বারবার বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান দৃঢ় রাখতে হলে নিজস্ব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা বজায় রাখা অপরিহার্য। এই আদেশ সেই বার্তাই আরও একবার স্পষ্ট করল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত