×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতিতে জিরো টলারেন্স: সিইসি

২০২৬ নভেম্বর ১৮ ১১:৫৪:৩৭

এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতিতে জিরো টলারেন্স: সিইসি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ও দুর্নীতির শিকার না হন, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনআইডিকেন্দ্রিক অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি সেবাপ্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসি কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এনআইডি সেবা নিতে গিয়ে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, এমন অভিযোগ আর শুনতে চান না তিনি। নাগরিকদের সেবা নিশ্চিত করতে অপ্রয়োজনীয় কাগজপত্রের বাধ্যবাধকতা কমিয়ে মৌলিক তথ্য ও ন্যূনতম প্রয়োজনীয় নথির ভিত্তিতে সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি ও হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের প্রযুক্তিগত জ্ঞান ও সচেতনতার বিষয়টি বিবেচনায় রেখে সেবাপদ্ধতি সহজ করতে হবে। কারণ দেশের প্রত্যেক নাগরিক অনলাইনে আবেদন করা কিংবা প্রয়োজনীয় নথি ডাউনলোড করার প্রক্রিয়া সম্পর্কে সমানভাবে অবগত নন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রতিদিন বিভিন্ন নথিতে স্বাক্ষর করতে গিয়ে এনআইডি-সংক্রান্ত অন্তত ছয় থেকে সাতটি আবেদন দেখতে হয়। এসব আবেদনের মধ্যে কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। এ ধরনের ঘটনা তাকে বিব্রত করে। গণমাধ্যমেও যখন এনআইডি সেবা নিয়ে হয়রানির খবর প্রকাশিত হয়, তখন তিনি অস্বস্তি বোধ করেন।

নাগরিকদের আবেদনের অগ্রগতি জানাতে কার্যকর ব্যবস্থা চালুর নির্দেশ দিয়ে সিইসি বলেন, কোনো আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গেই আবেদনকারীকে খুদে বার্তার মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানাতে হবে। আবেদন প্রক্রিয়াধীন থাকলে সেটিও উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে তা স্পষ্টভাবে জানাতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি আবেদনের বিপরীতে একটি স্মারক নম্বর বা ক্রমিক নম্বর দেওয়া যেতে পারে। এতে আবেদনকারী পরবর্তী সময়ে যোগাযোগ করে নিজের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। দীর্ঘদিন আবেদন ঝুলে থাকা এবং এ বিষয়ে কোনো তথ্য না পাওয়া গ্রহণযোগ্য নয়।

এনআইডি-সংক্রান্ত সমস্যা সমাধানে একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে সিইসি বলেন, জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে ত্রুটি থাকার অজুহাতে নাগরিকদের সেবা থেকে বঞ্চিত করা যাবে না। দায়িত্ব এড়িয়ে না গিয়ে সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে।

গ্রামীণ এলাকার বয়স্ক ও প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা নাগরিকদের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করার ক্ষেত্রে অনেকের অসুবিধা হয়। তাই তাদের সক্ষমতা বিবেচনায় নিয়ে বিকল্প সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেন তিনি।

জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, এনআইডি শুধু একটি পরিচয়পত্র নয়, এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে পরিবারের সদস্যরা সরকারি সুবিধা হারানোর আশঙ্কায় মৃত্যুর তথ্য জানাতে চান না। এ ধরনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সমাধান খুঁজে বের করতে হবে।

স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়েও কর্মকর্তাদের পরামর্শ চান তিনি। শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করার নির্দেশ দিলেই দায়িত্ব শেষ হবে না। বিশেষ করে গ্রামের যেসব মানুষ ডাউনলোডের প্রক্রিয়া বোঝেন না, তাদের কাছে প্রয়োজনীয় কার্ড বা নথি পৌঁছে দেওয়ার উপায় বের করতে হবে।

এনআইডি সেবার ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতা তুলে ধরে সিইসি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশনের পক্ষে নেওয়া সম্ভব নয়। তবে জাতীয় পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে। এতে নাগরিকদের অপ্রয়োজনীয় হয়রানি কমবে।

কর্মশালায় কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ চেয়ে সিইসি এনআইডি সেবায় দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত