×

ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি বৃত্তি, আবেদন শুরু

২০২৬ নভেম্বর ০৫ ২১:৩৭:২১

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি বৃত্তি, আবেদন শুরু

পার্থ হক: বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ তৈরি হয়েছে। দেশটির সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের মোট ২৪টি বৃত্তি দেবে। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৬টি বৃত্তি রয়েছে।

এসব বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অনলাইনে ৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। অনলাইনে আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে ১৮ নভেম্বর বেলা সাড়ে তিনটার মধ্যে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত মিসরের দূতাবাস থেকে পাঠানো নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে লিখিতভাবে বৃত্তির জন্য আবেদন করতে হবে।

আল-আজহার বিশ্ববিদ্যালয়

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাকেন্দ্র হিসেবে বিবেচিত আল-আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ৯৭১ খ্রিষ্টাব্দে, ফাতেমি খিলাফতের সময়। শুরুতে কোরআন ও ইসলামি আইন শিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। বর্তমানে এর পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাধারণ ও বিজ্ঞানভিত্তিক বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

মিসরের সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ১৯৬১ সালে আল-আজহারকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। সে সময় ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, ফার্মেসি, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও কৃষিসহ বিভিন্ন বিষয় পাঠ্যক্রমে যুক্ত হয়। মিসরের বাইরে ফিলিস্তিনের গাজা ও কাতারের দোহায়ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে।

বর্তমানে আল-আজহারের ১৫ হাজার ২০০টি শ্রেণিকক্ষে ৩০ হাজারের বেশি শিক্ষক পাঠদান করেন। তাঁদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন পাঁচ লাখের বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের ২০ শতাংশই বিদেশি। শতাধিক দেশের শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রতিষ্ঠানটির জনবল প্রায় ১ লাখ ৩১ হাজার।

এ ছাড়া আল-আজহারের অধীনে মিসরে প্রায় চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির আওতায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ লাখ।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের আরবি ভাষায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতাগুলো হলো-

1. সর্বশেষ শিক্ষাগত সনদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে জমা দিতে হবে।

2. আবেদনকারীর জন্মনিবন্ধনের মূল কপি জমা দিতে হবে। এতে মায়ের নাম ও জাতীয়তা উল্লেখ থাকতে হবে। জন্মনিবন্ধন সনদটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে।

3. আবেদনকারীর সাম্প্রতিক তোলা ছয় কপি ছবি জমা দিতে হবে।

4. কমপক্ষে ছয় মাস মেয়াদ রয়েছে এমন মূল পাসপোর্ট জমা দিতে হবে।

5. সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।

6. আবেদনকারীর শারীরিক ও মানসিক সুস্থতার বিষয় উল্লেখ করে চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে।

7. পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফলাফলের সনদ সত্যায়িত করে জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে মিসরের দূতাবাসের প্রকাশিত গাইডলাইন অনুসরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এসব নথির মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আরবি ভাষায় দক্ষতার সনদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র।

কাগজপত্র বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এসব নথি জমা দেওয়া যাবে। হার্ড কপি জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬ বেলা সাড়ে ৩টা। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও আবেদন জমা দিলে তা বিবেচনা করা হবে না।

আবেদনের খামের ওপর প্রেরক ও প্রাপকের নাম-ঠিকানা, আইডি বা ট্র্যাকিং নম্বর এবং আবেদন করা প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে। প্রাপকের ঠিকানা লিখতে হবে উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর ১৭০৬, ভবন নম্বর ৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতার সনদকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া যেসব শিক্ষার্থী ইতিমধ্যে অন্য কোনো সরকারি বৃত্তির জন্য মনোনীত হয়েছেন, তাঁদের এই বৃত্তির জন্য আবেদন না করার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃত্তিসংক্রান্ত নির্দেশনা, আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে মিসরের দূতাবাসের প্রকাশিত গাইডলাইন অনুসরণ করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা... বিস্তারিত