×

ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় নিতে উদ্যোগ নেবে সরকার’

২০২৬ নভেম্বর ০৫ ২০:৪৩:০২

‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় নিতে উদ্যোগ নেবে সরকার’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার সর্বাত্মক উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পাওয়ারিং বাংলাদেশ’স নেক্সট গ্রোথ চ্যাপ্টার: আ পাথওয়ে টু এনার্জি সিকিউরিটি অ্যান্ড স্ট্যাবিলিটি’ শীর্ষক সেমিনারে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মাহদী আমিন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আর শুধু দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নেই। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও এ সম্পর্কের পরিধি বাড়ছে। বর্তমানে ৫০টির বেশি মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করেছে। বাংলাদেশের বড় বাজার, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি এবং গণতান্ত্রিক সরকারের নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করার সুযোগ থাকায় এ দেশে মার্কিন বিনিয়োগ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখী করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন। তিনি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে এসব খাতকে গুরুত্ব দিতে চায় সরকার। একই সঙ্গে গম, সয়াবিন ও স্ক্র্যাপ মেটালের মতো পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

জ্বালানি খাতে দুই দেশের অংশীদারিত্বের বিষয়ে তিনি বলেন, শেভরনের মাধ্যমে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন এবং এক্সিলারেট এনার্জির মাধ্যমে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পরিচালনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল সহযোগিতা রয়েছে। সরকার ভবিষ্যতে আরও বড় পরিসরে গ্যাস ও কয়লা অনুসন্ধানের পরিকল্পনা করছে। এর ফলে মার্কিন কোম্পানিগুলোর জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

মাহদী আমিন আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মার্কিন প্রযুক্তি ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্যও কাজের সুযোগ তৈরি করছে। বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, নীতিগত সংস্কার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করা গেলে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়বে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি উন্নয়নের সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ডের মতো কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ভিসা ও মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা চলছে বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আরও মার্কিন প্রতিষ্ঠানকে স্বাগত জানাতে সরকার প্রস্তুত।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়াং। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাশরুর রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জিই ভার্নোভার সারতাজ ভূঁইয়া, এক্সিলারেট এনার্জির কান্ট্রি ম্যানেজার মো. হাবিবুর রহমান ভূঁইয়া, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন এবং বুয়েটের সাবেক ডিন অধ্যাপক ড. ইজাজ হোসেন।

সেমিনার শেষে মাহদী আমিন ‘৩০তম ইউএস ট্রেড শো ২০২৬’-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা... বিস্তারিত