×

ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আগামী গ্রীষ্মের আগে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

২০২৬ নভেম্বর ০৫ ১৬:২৯:১৪

আগামী গ্রীষ্মের আগে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরপরও চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎকে বিকল্প হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছরের গ্রীষ্ম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিতে হচ্ছে। গত আট মাসেই এ খাতে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।’

বর্তমান সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই বলে উল্লেখ করেন মন্ত্রী। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার।

এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ব্যক্তি পর্যায়ে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সবাইকে উৎসাহিত করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সভায় উপস্থিত সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। তাঁর মতে, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো গেলে একদিকে বিদ্যুৎ সংকট মোকাবিলা সহজ হবে, অন্যদিকে কৃষিনির্ভর অর্থনীতির অগ্রগতিও অব্যাহত রাখা সম্ভব হবে।

মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা... বিস্তারিত