×

ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সাফের প্রথম ম্যাচে খেলতে পারবেন না হামজা ও ফারহান

২০২৬ অক্টোবর ২৫ ১৮:০১:১২

সাফের প্রথম ম্যাচে খেলতে পারবেন না হামজা ও ফারহান

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ।

হামজাকে প্রথম ম্যাচে না পাওয়ার বিষয়টি আগেই নিশ্চিত ছিল। রোববার (২৫ অক্টোবর) প্রধান কোচ থমাস ডুলি ফারহানের খেলা নিয়েও অনিশ্চয়তা দূর করেছেন। তিনি বলেন, ‘৯ নভেম্বর হামজা ও ফারহান আসবে। তারা প্রথম ম্যাচ খেলতে পারবে না। ফিফা উইন্ডো শুরু হচ্ছে ৯ নভেম্বর থেকে।’

এদিকে এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে প্রথম ম্যাচে না পেলেও নির্ধারিত সময়েই দলে যোগ দিচ্ছেন সমিত সোম ও রোনান সুলিভান। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এ বিষয়ে বলেন, ‘আমাদের ক্যাম্পে আজ ২২ জন খেলোয়াড় যোগ দিয়েছে। সোহেল রানা সিনিয়র পথে আছেন। রোনান নভেম্বরের প্রথম সপ্তাহে আসবে। সমিত, জায়ান, ফাহমিদুল আগেই চলে আসবে। মাহি খানও ইতোমধ্যে চলে এসেছে।’

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ৫ নভেম্বর। তবে ২৮ সদস্যের নাম জমা দেওয়ার শেষ সময় ছিল ১৮ অক্টোবর।

সাফের এই নিয়মের কারণে চূড়ান্ত স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড় চোটে পড়লে তাঁকে বদলানোর সুযোগ নেই। বিষয়টি নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘এটা সব দলের জন্যই প্রযোজ্য। এই নিয়মের কারণে কেউ ইনজুরি হলে বদলের সুযোগ নেই। ফলে এভাবে খেলতে হবে, এটা আসলেই অনেক কঠিন। কিন্তু কিছু করার নেই।’

বাংলাদেশের প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান।

ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ।

মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।

ফরোয়ার্ড: ফারহান আলী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহি খান ও শুকি ইতোফুসা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত