×

ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা: এসআরবি মহাপরিচালক

২০২৬ অক্টোবর ১৮ ২০:৩৪:৫৮

দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা: এসআরবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআরবির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি জানান, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে প্রতিদিন প্রায় সাড়ে ছয় হাজার এসআরবি সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি সাড়ে ৫০০ পিকআপ ও সাড়ে ৪০০ মোটরসাইকেল নিয়ে দৃশ্যমান টহল চলছে। পূজাকে ঘিরে নাশকতা বা উগ্রবাদী হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

আহসান হাবীব পলাশ বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও স্থানে এসআরবির ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রয়োজনীয় তল্লাশি চালাচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল ফোর্স টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয়সংখ্যক সদস্যকে রিজার্ভে রাখা হয়েছে।

প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে জানিয়ে এসআরবি মহাপরিচালক বলেন, পূজার শেষ পর্যায়েও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, ব্যাটালিয়নগুলো নিজ নিজ নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এসআরবি সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে রাজধানীসহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারিতে রাখা হয়েছে।

নাশকতা বা উগ্রবাদী হামলার আশঙ্কা নিয়ে আহসান হাবীব পলাশ বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এখন পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা বা উগ্রবাদী হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এ ধরনের যেকোনো পরিকল্পনা মোকাবিলায় এসআরবি সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

অনলাইনে গুজব ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা ঠেকাতেও নজরদারি করা হচ্ছে বলে জানান তিনি। এসআরবির সাইবার মনিটরিং টিম ভার্চুয়াল জগতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাচ্ছে। কেউ মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার চেষ্টা করলে তাকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআরবি মহাপরিচালক জানান, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসব শেষ হবে। বিগত বছরগুলোর মতো এবারও সারা দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে এসআরবি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত