×

ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জামায়াত হাসিনার পথেই হাঁটতে ভালোবাসে: রিজভী

২০২৬ অক্টোবর ১৮ ১৮:৪৬:৫১

জামায়াত হাসিনার পথেই হাঁটতে ভালোবাসে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতার স্বার্থে দলটি কখনো কখনো বিএনপির সঙ্গে জোট গঠনের চেষ্টা করলেও তাদের মানসিকতা শেখ হাসিনার দেখানো পথেই পরিচালিত হয়। তিনি বলেন, ‘আপনারা তো ইতিহাসে প্রমাণ রেখেছেন। আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন। ক্ষমতার জন্য কখনো কখনো বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করেন। কিন্তু মনের ভেতরে হাসিনার প্রদর্শিত পথেই আপনারা হাঁটেন।’

রোববার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমিরের বক্তব্যের জবাবে রিজভী বলেন, জামায়াতের আমির সম্ভবত আজ বিএনপিকে ফ্যাসিস্টদের পথে এগিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ফ্যাসিস্টদের পথ কী? কোনটা পথ? একটা দৃষ্টান্ত দেখান।’

রিজভীর দাবি, ৫ আগস্টের পর আওয়ামী লীগের সবকিছু ক্ষমা করে দেওয়া কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিএনপির কোনো নেতা কথা বলেননি। এমনকি দলের প্রধান নেতা তারেক রহমানও এ ধরনের বক্তব্য দেননি। তা সত্ত্বেও বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্টদের পথে চলার অভিযোগ আনা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির প্রতিশ্রুতি প্রসঙ্গে রিজভী বলেন, জনগণ দলটিকে চেনে এবং বিএনপি দেওয়া প্রতিশ্রুতি থেকে সামান্যও সরে যায় না। অন্যদিকে জামায়াতের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তিনি বলেন, দলটি ইসলামের নামে ও আল্লাহর নামে প্রতিশ্রুতি দিয়েছে এবং মানুষের মন জয় করতে নানা কথা বলেছে। কিন্তু পরে তাদের কাজের সঙ্গে সেই কথার মিল পাওয়া যায়নি।

জামায়াতের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দলটি অতীতে শেখ হাসিনার অনুসৃত পথেই চলেছে। তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া এরশাদ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে ওই সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ ও জামায়াতও এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলেছিল। কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও জামায়াত দুই দলই নিজেদের অবস্থান থেকে সরে আসে।

রিজভী আরও বলেন, ১৯৯৪-৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনেও জামায়াত আওয়ামী লীগের সঙ্গে একই পথে হেঁটেছিল। ইতিহাসের এসব দৃষ্টান্ত উপেক্ষা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির গঠন ও আদর্শ তুলে ধরে রিজভী বলেন, ‘বিএনপির মধ্যে অন্তর্ভুক্ত অসংখ্য নেতাকর্মীদের গুপ্তহত্যার আত্মদান, স্যাক্রিফাইস এবং ত্যাগের মধ্যে দিয়ে এই দল তৈরি হয়েছে। গণতন্ত্র হচ্ছে তার অভীষ্ট লক্ষ্য। গণতন্ত্র হচ্ছে তার আদর্শিক চেতনা।’

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র ও দেশের স্বাধীনতার প্রশ্নে দলটির আদর্শিক অবস্থান কী, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে। গণতান্ত্রিক আন্দোলনগুলোতে জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আলোচনা সভায় আফসার আহমেদ সিদ্দিকীর সঙ্গে নিজের ঘনিষ্ঠতার স্মৃতিচারণা করেন রিজভী। তিনি বলেন, আফসার আহমেদকে বড় ভাই বলে সম্বোধন করলেও তাঁদের সম্পর্ক ছিল অনেকটা পিতা-পুত্রের মতো। তাঁর সান্নিধ্যে থেকে রাজনীতি সম্পর্কে জানার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেক কিছু শিখেছেন বলে জানান তিনি।

বিএনপির নার্সেস ও স্বাস্থ্য সহকারী সহসম্পাদক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত