×

ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

২০২৬ অক্টোবর ১৮ ১৭:৫৮:৫৮

সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের বাইরে রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেতাগী উপজেলার প্রতিটি মন্দিরে এক মেট্রিক টন করে চাল ও পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। যেসব মন্দিরে যাতায়াতের রাস্তা নেই, সেখানে রাস্তা নির্মাণ এবং নিজস্ব ঘর নেই এমন মন্দিরে ঘর তৈরির উদ্যোগ নেওয়া হবে।

রোববার (১৮ অক্টোবর) বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে বৈষম্য কিংবা অবহেলার কোনো সুযোগ নেই।

ধর্মীয় সম্প্রীতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বক্তব্য উদ্ধৃত করেন নূরুল ইসলাম মনি। তিনি দাবি করেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের হিন্দু সম্প্রদায়ের ৮৯ শতাংশ সম্পদ দখল করা হয়েছে।

চিফ হুইপ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ধর্মীয় অসহিষ্ণুতা নেই এবং প্রতিমা ভাঙচুরের ঘটনাও তিনি শোনেননি।

বেতাগীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, এ জন্য উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলদারত্ব ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তাঁর ভাষ্য, অপরাধী যে দলেরই হোক, এমনকি বিএনপির নেতাকর্মী হলেও কাউকে ছাড় দেওয়া যাবে না। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে নূরুল ইসলাম মনি বলেন, তাঁর নাম ব্যবহার করে কোনো কর্মকর্তা অর্থ আদায় বা অনিয়ম করলে বিষয়টি তাঁকে জানাতে হবে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত না থাকায় পৌরসভার প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশনাও দেন চিফ হুইপ।

স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন চিফ হুইপ। উপজেলার পানির সমস্যা সমাধানে প্রয়োজন অনুযায়ী টিউবওয়েল সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলে জানান নূরুল ইসলাম মনি।

শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণ এবং বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার কথা বলেন তিনি। এসএসসি পরীক্ষায় কম পাস করা স্কুল ও মাদ্রাসাগুলোর শিক্ষার মান পর্যালোচনা, সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন চিফ হুইপ।

মাদ্রাসা পরিদর্শনের পর দ্রুত প্রতিবেদন জমা দিতে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ভালো কাজ করা সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণাও দেন।

কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্ব

কৃষকদের জন্য সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে কার্যকর তদারকির নির্দেশ দেন নূরুল ইসলাম মনি। সার ডিলারদের অনিয়ম ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার কথা বলেন তিনি। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করার নির্দেশনাও দেন।

বিদ্যুৎ সংকট নিয়ে চিফ হুইপ বলেন, বিগত সরকারের আমলে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে বিপুল অর্থ লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনা ও বাস্তব উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া আগামী এক বছর উপজেলায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে নিজস্ব অর্থায়নে তিনজন সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার ঘোষণা দেন চিফ হুইপ।

এর আগে বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে জুলাই স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন নূরুল ইসলাম মনি। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত