×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রূপপুরে প্রথমবারের মতো চালু হচ্ছে ডিজিটাল সহায়ক ব্যবস্থা

২০২৬ অক্টোবর ১৩ ১৪:১৭:৩৫

রূপপুরে প্রথমবারের মতো চালু হচ্ছে ডিজিটাল সহায়ক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার বাইরে রোসাটমের কোনো প্রকল্পে প্রথমবারের মতো ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ চালু করা হচ্ছে। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, এই প্রযুক্তি বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস এ ব্যবস্থা সরবরাহ করেছে। এতে ৪৩টি উপব্যবস্থার অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ বিভিন্ন প্রক্রিয়ার সাত হাজারেরও বেশি নির্দেশক সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল প্রতিরূপ বা ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। প্রথম ইউনিটে সিস্টেমটি ইতোমধ্যে সংযুক্ত করা হয়েছে এবং প্রাথমিক চালুকরণ কার্যক্রমে অংশ নিচ্ছে। দ্বিতীয় ইউনিটেও একই ব্যবস্থা স্থাপন করা হবে।

সিস্টেমটি ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট ব্যবস্থার তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অপারেটরদের পরামর্শ দিতে এতে ৮০টিরও বেশি নির্দেশিকা রয়েছে। জটিল পরিচালনাসংক্রান্ত তথ্য সহজভাবে উপস্থাপনের ফলে অপারেটররা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং পরিস্থিতি আরও কার্যকরভাবে সামাল দিতে পারবেন।

রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেছেন, রূপপুর প্রকল্প রাশিয়া ও বাংলাদেশের সহযোগিতার সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। একই সঙ্গে আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি একটি অগ্রণী উদ্যোগ। বিদেশে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম এ ধরনের সহায়ক ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

লিখাচেভের দাবি, নতুন এই ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমাতে, পরিচালন ব্যয় হ্রাস করতে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের নির্ভরযোগ্য সহায়তা দিতে ভূমিকা রাখবে।

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর বিদ্যুৎকেন্দ্রের অবস্থান পাবনার ঈশ্বরদীতে। আধুনিক প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিতব্য এ কেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ফলে দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত