×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ঢাবির আরবি বিভাগে নবীনবরণ, তিন তহবিল থেকে বৃত্তি পেলেন ৪০ শিক্ষার্থী

২০২৬ অক্টোবর ১২ ১৮:৩৮:৫৬

ঢাবির আরবি বিভাগে নবীনবরণ, তিন তহবিল থেকে বৃত্তি পেলেন ৪০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) কলা অনুষদের আরসি মজুমদার অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবুল কালাম সরকার। এ ছাড়া বিভাগের অধ্যাপক ড. এবিএম ছিদ্দিকুর রহমান নিজামী শুভেচ্ছা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, আরবি ভাষা কেবল একটি অঞ্চলের ভাষা নয়; এটি আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও সমৃদ্ধ সংস্কৃতির ভাষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশ, আফ্রিকা ও আরব বিশ্বের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত আলজেরিয়া সরকারের পক্ষ থেকে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তাঁদের প্রত্যাশা, মেধাবী শিক্ষার্থীদের এই স্বীকৃতি অন্যদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আরবি বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা নতুনদের বিশ্ববিদ্যালয়জীবনে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। অন্যদিকে, বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্মৃতি স্মরণ এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করে বিভাগের পক্ষ থেকে বিশেষ বিদায়ী স্মারক ক্রেস্ট দেওয়া হয়।

বিভিন্ন প্রতিযোগিতা ও পরীক্ষায় অসাধারণ মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও সম্মাননাপত্র তুলে দেন অতিথিরা। বিভাগের তিনটি বৃত্তি তহবিল-খন্দকার মোহাম্মদ হাবিবুল্লাহ বৃত্তি তহবিল, অধ্যাপক ড. আজম কুতুবুল ইসলাম নোমানী বৃত্তি তহবিল এবং অধ্যাপক ড. মুহাম্মদ ফজলুর রহমান বৃত্তি তহবিল থেকে মোট ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া বিভাগে অসাধারণ মেধার স্বাক্ষর রাখা নারী শিক্ষার্থী আবিদা সুলতানা কনাকে এককালীন বিশেষ বৃত্তি প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিভাগের শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাঁদের মেধার স্বাক্ষর রাখছেন। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে আরবি বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। নবীনদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনা এবং বিদায়ী শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এতে আরবি বিভাগের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ