×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

পুরোনো ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসছে: সাদিক কায়েম

২০২৬ অক্টোবর ১২ ১৫:৪৩:০২

পুরোনো ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের পর দেশে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি হবে না বলে প্রত্যাশা থাকলেও পরিস্থিতিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তাঁর ভাষ্য, পুরোনো ফ্যাসিবাদ আবারও নতুন রূপে ফিরে আসছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে আগের ধারার রাজনীতি আর ফিরে আসবে না বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু সেই পুরোনো ফ্যাসিবাদ নতুনভাবে ফিরে আসতে দেখে তাঁরা ব্যথিত। তাঁর মতে, ফ্যাসিবাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নেই। কেউ ফ্যাসিবাদী হয়ে উঠলে তার বিরুদ্ধে কথা বলতে হবে—জুলাই বিপ্লব থেকে পাওয়া শিক্ষা এটাই।

ছাত্ররাজনীতির ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে ডাকসু ভিপি বলেন, বিপ্লব-পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের কল্যাণ, মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিয়ে এবং ছাত্র সংসদকেন্দ্রিকভাবে ছাত্ররাজনীতি পরিচালিত হওয়ার কথা। এ লক্ষ্য সামনে রেখেই ডাকসুসহ পাঁচটি ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাসে দখলদারত্বের রাজনীতি এবং গণরুম-গেস্টরুম সংস্কৃতির বিরোধিতা করে তিনি বলেন, এসব চর্চা আর ফিরতে দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

দেশের রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, বাংলাদেশের বয়স ৫৫ বছর হলেও গত কয়েক দশকে ক্ষমতায় থাকা অনেক নেতার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজের ক্ষতি করার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি ও সন্ত্রাসের পাশাপাশি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাটের অভিযোগও তুলে ধরেন তিনি।

ঢাকা কলেজের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। জুলাই বিপ্লবের সময় কলেজের সায়েন্স ল্যাব এলাকা আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। কলেজটির শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজু ভাস্কর্য, শহীদ মিনার ও শাহবাগসহ বিভিন্ন স্থানে গিয়ে আন্দোলন এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, দেশের মুক্তিকামী ছাত্র-জনতা ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে। বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এ জন্য তাঁদের মেধা, যোগ্যতা ও নৈতিকতার বিকাশ ঘটানো জরুরি। উসমান হাদি দেখিয়েছেন, কীভাবে দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিতে হয়, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় এবং ইনসাফের প্রশ্নে অবিচল থাকতে হয়।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়ানো ও ভবিষ্যৎ নিয়ে পরিকল্পিতভাবে এগোনোর পরামর্শ দেন সাদিক কায়েম। তাঁর মতে, কোন বিষয়ে কিংবা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, তা সাফল্যের একমাত্র মাপকাঠি নয়; বরং সময়ের যথাযথ ব্যবহার এবং ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনাই বেশি গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের প্রতিটি শিক্ষাবর্ষের জন্য পরিকল্পনা তৈরি, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, যোগাযোগের দক্ষতা বাড়ানো এবং বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন তিনি।

ডাকসুর উদ্যোগে আয়োজিত একটি চাকরি মেলার অভিজ্ঞতা তুলে ধরে সাদিক কায়েম বলেন, ওই মেলায় ৩০টির বেশি চীনা কোম্পানি অংশ নিয়েছিল। সেখানে ৪০০-এর বেশি শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে চাকরি দেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব চাকরিতে বেতন ছিল ৬০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত।

বক্তব্যের শেষ দিকে জুলাই বিপ্লবের শহীদদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পন্ন করার আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, গণভোটে দেওয়া জনরায় বাস্তবায়ন করা হচ্ছে না। এ ছাড়া ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কার্যকর বিচার না হওয়া, জ্বালানি খাতের সংকট এবং বিভিন্ন ক্ষেত্রে দখলদারত্ব ছড়িয়ে পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সাদিক কায়েম বলেন, দখলদারত্বের সঙ্গে যে-ই যুক্ত থাকুক, তার বিরুদ্ধে কথা বলতে হবে। শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান ধরে রাখতে পারলে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ। সঞ্চালনায় ছিলেন শাখার সেক্রেটারী সাইমুন ইসলাম সানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিছুর রহমান আনিছ এবং কেন্দ্রীয় সাবেক কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ। অনুষ্ঠানে শাখার অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ