×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

দুই দাবিতে জাককানইবির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে তালা

২০২৬ অক্টোবর ০১ ১৫:৪২:১২

দুই দাবিতে জাককানইবির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে তালা

নিজস্ব প্রতিবেদক: দুই দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ পরিবর্তনের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে বিভাগের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল বুধবারও একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। অবস্থান থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে—ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম করা এবং বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তর করা।

কর্মসূচিতে প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁদের স্লোগানের মধ্যে ছিল, ‘এই মুহূর্তে দরকার, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সংস্কার’, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’, ‘সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি’ ইত্যাদি।

শিক্ষার্থীরা জানান, বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে এক বছরের বেশি সময় ধরে তাঁরা দাবি জানিয়ে আসছেন। আগামী ৩ অক্টোবর সিন্ডিকেট সভায় এ বিষয়ে তদন্ত কমিটির প্রাথমিক সুপারিশ অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। তবে দাবি বাস্তবায়নে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাঁদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। দীর্ঘদিনের এ দাবির সমাধানে দ্রুত সিন্ডিকেটের অনুমোদন চান শিক্ষার্থীরা।

তাঁদের ভাষ্য, বিভাগের পাঠ্যক্রমে কমিউনিকেশন, মিডিয়া ও ফিল্ম–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পড়ানো হলেও বর্তমান নামের মধ্যে ‘কমিউনিকেশন’ শব্দটি নেই। এতে একাডেমিক ও পেশাগত পরিচয় দিতে গিয়ে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে চাকরির ক্ষেত্রে শুধু কমিউনিকেশন শব্দটি না থাকায় নিজেদের বিষয় ও শিক্ষাগত পরিচয় ব্যাখ্যা করতে বিড়ম্বনার মুখে পড়তে হয়। নামের কারণে বিভিন্ন ক্ষেত্রেও সুযোগ থেকে বঞ্চিত হতে হয় বলে জানান তাঁরা।

একই সঙ্গে বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নেওয়ার দাবি করছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন সামাজিক বিজ্ঞানভিত্তিক বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই ধরনের বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে থাকলেও জাককানইবিতে বিভাগটি কলা অনুষদের অধীনে রয়েছে।

ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল বলেন, ‘বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের বিষয়টি একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সুপারিশ করা হয়েছে। এখন বিষয়টি সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সিন্ডিকেটে বিষয়টি উপস্থাপনের পর তারা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।’

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে হবে। এটি আমার একক সিদ্ধান্তে বাস্তবায়ন করার সুযোগ নেই। এ জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। বিভাগে তালা লাগিয়ে কোনো সমাধান হবে না। আগামী শনিবার সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সেখানে সবার মতামতের ভিত্তিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। তাই সিন্ডিকেটের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বিভাগীয় সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি দেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় এ বিষয়ে সুপারিশ করা হয়। ২০২৫ সালের নভেম্বরে সিন্ডিকেটের সিদ্ধান্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের পর তাদের প্রতিবেদনের ভিত্তিতে গত ৯ জানুয়ারি বিভাগের নাম ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ করা এবং সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের প্রাথমিক সুপারিশ করা হয়। দীর্ঘ সময় পর আগামী ৩ অক্টোবর সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ