×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

গঙ্গা পানি চুক্তি নিয়ে যৌথ নদী কমিশনেই আলোচনা: ভারত

২০২৬ সেপ্টেম্বর ২৯ ২২:০২:০৮

গঙ্গা পানি চুক্তি নিয়ে যৌথ নদী কমিশনেই আলোচনা: ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা দুই দেশের যৌথ নদী কমিশনেই হবে বলে জানিয়েছে ভারত। এ বিষয়ে দুই দেশের কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।

সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে প্রাপ্যতার ভিত্তিতে দুই দেশের মধ্যে সমানভাবে পানি বণ্টনের বিষয়টি রাখার কথা জানান তিনি। দেশের স্বার্থ সুরক্ষায় নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন পানিসম্পদমন্ত্রী।

ব্রিফিংয়ে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে রণধীর জয়সোয়াল বলেন, শুধু গঙ্গা নয়, দুই দেশের মধ্যে প্রবাহিত সব নদী নিয়ে আলোচনা করার জন্য যৌথ নদী কমিশন রয়েছে। নদীসংক্রান্ত সব বিষয় এই কমিশনের মাধ্যমেই আলোচনা করা হবে। তিনি জানান, গঙ্গা চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকগুলোও হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। চুক্তিটি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ গত জুনে একটি কারিগরি কমিটি গঠন করে এবং এরপর একাধিকবার ভারতকে বিষয়টি জানিয়েছে। তবে দিল্লি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ব্রিফিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্প্রতি ঢাকা সফর করেছেন কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়। এর জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত