×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

২০২৬ সেপ্টেম্বর ২৯ ০৮:৫৯:১০

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের সাত অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে সাত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ ১ নম্বর) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী সময়ের আবহাওয়ার পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার কথা বলা হয়েছে। তবে সামগ্রিকভাবে এ অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে পশ্চিম, উত্তর-পশ্চিম অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ সকাল ৬টায় ঢাকায় ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৮১ শতাংশ বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত