×

ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেসির বিদায় এখনই চান স্কালোনি

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৫:৪৯:৩২

মেসির বিদায় এখনই চান স্কালোনি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার জন্য এখনই উপযুক্ত সময় বলে মনে করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ৩৯ বছর বয়সী এই তারকার জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটি যেন দেশের মানুষের ভালোবাসা ও আবেগের মধ্য দিয়ে হয়, সেটিই চান তিনি। নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় থাকা স্কালোনির আশঙ্কা, পরে হয়তো মেসিকে ঘিরে একই আবহ ও আবেগ আর পাওয়া যাবে না।

আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটিকে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। আগস্টের শেষ দিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এই ম্যাচে তাঁর উপস্থিতির বিষয়টি সামনে আসে।

স্কালোনি মনে করেন, মেসির মতো একজন খেলোয়াড়ের বিদায় যথাযথভাবে উদ্‌যাপন করা প্রয়োজন। নিজেরও ইচ্ছা রয়েছে মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি ভবিষ্যতেও দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ কারণেই মেসিকে এই ম্যাচেই বিদায় জানানোর জন্য বিশেষভাবে চেষ্টা করেছেন তিনি।

স্কালোনির ভাষায়, অনেক কিছু পেরিয়েও মেসি নিজের মানুষের কাছে বিদায় জানানোর ইচ্ছা ও চেষ্টা দেখিয়েছেন। তাঁর মতে, মেসিকে সম্মান জানানোর সময় এখনই। পরে হয়তো সেই জাদুকরী আবহ আর একইভাবে থাকবে না। তাই এখনই সবার ভালোবাসা অনুভব করার সুযোগ মেসির প্রাপ্য।

নিজের কোচিং ক্যারিয়ারে মেসির সঙ্গে কাজ করাকে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হিসেবে দেখেন স্কালোনি। তাঁর কাছে এটি ছিল স্বপ্নপূরণের মতো। মেসির মতো আর কেউ আসবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শুধু মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরেও মেসি যে প্রভাব তৈরি করেছেন, সেটিও বিশেষভাবে উল্লেখ করেছেন আর্জেন্টিনা কোচ।

সর্বশেষ বিশ্বকাপই ছিল মেসির জাতীয় দলের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ এবং ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। সেই আসরে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচে খেলেছেন তিনি, করেছেন আট গোল। জাতীয় দলের হয়ে সব মিলিয়ে ১২৫ গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করছেন মেসি। এর মধ্যে বিশ্বকাপে তাঁর গোল ২১টি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময়ে এসে ব্যালন ডি’অর নিয়েও আলোচনায় রয়েছেন মেসি। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা এবারও পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী ২৬ অক্টোবর পুরস্কারটি দেওয়া হবে।

সর্বশেষ বিশ্বকাপে মেসির পারফরম্যান্সের পর ব্যালন ডি’অর নিয়ে তাঁর পক্ষে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই বলে মনে করেন স্কালোনি। সেরা খেলোয়াড়ের পুরস্কার হলে মেসির যোগ্যতা নিয়ে তাঁর কোনো সংশয় নেই। মাঠে থাকা অবস্থায় মেসি এই পুরস্কারের যোগ্য নন—এমন যুক্তি দেওয়া কঠিন বলেও মনে করেন আর্জেন্টিনা কোচ।

মেসির বিদায়ের সঙ্গে আর্জেন্টিনা দলের কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎও এখন আলোচনায়। বিশ্বকাপের ফাইনালে হারের পর নিজের মেয়াদ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। তবে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

ইজেইজায় জাতীয় দলের অনুশীলন শেষে স্কালোনি বলেন, আলোচনায় বসার বিষয়ে তাঁর পূর্ণ আগ্রহ রয়েছে। আর্জেন্টিনা দলের সঙ্গে থাকার ইচ্ছাও তাঁর আছে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে।

আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় প্রকাশ্যেই স্কালোনিকে কোচ হিসেবে রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন দলের নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর রোমেরোর হাতেই উঠেছে আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল সময়গুলোর একটি পার করেছে। তাঁর সময়ে দল ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা শিরোপাও জিতেছে। তবে দীর্ঘমেয়াদে তিনি দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগামী কয়েক দিনের মধ্যেই তাপিয়ার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন স্কালোনি। দায়িত্বে থাকার ক্ষেত্রে আর্থিক নাকি ক্রীড়া—কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, জানতে চাইলে তিনি বলেন, ‘সবকিছুরই একটু একটু।’

এদিকে মেসি, নিকোলাস ওতামেন্দি এবং আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের অবসরের পর নতুন প্রজন্মকে সামনে আনার কাজও শুরু করেছেন স্কালোনি। আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য দল ঘোষণায় সেই পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়েছে।

নতুন খেলোয়াড়দের নিজেদের প্রমাণের জন্য এসব ম্যাচ গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করেন স্কালোনি। তাঁর মতে, দলে ডাক পাওয়া তরুণেরা যোগ্য বলেই সুযোগ পেয়েছেন এবং তাঁদের এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করা উচিত।

নতুন করে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এস্তুদিয়ান্তেসের ডিফেন্ডার তোমাস পালাসিওস, জেনিতের রোমান ভেগা এবং বেতিসের ভ্যালেন্তিন গোমেজ। মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন রিভার প্লেটের তোবিয়াস আন্দ্রাদা, বায়ার লেভারকুসেনের এজেকিয়েল ফার্নান্দেস এবং মেক্সিকোর তোলুকার সান্তিয়াগো সিমোন। এ ছাড়া বোকা জুনিয়র্সের উইঙ্গার লিওনেল ফ্লোরেসও নতুন করে দলে জায়গা পেয়েছেন।

আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবা প্রদেশের মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর এবং ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এই সূচির মধ্যে ৬ অক্টোবরের ম্যাচটিই মেসির আর্জেন্টিনা অধ্যায়ের আবেগঘন শেষ অধ্যায় হয়ে উঠতে পারে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত