×

ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১৮:০২:২৪

হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে ছন্দহীন ফুটবলে দুই গোল হজম করা বাংলাদেশ বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তৈরি করা কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের দলকে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখলেও বাংলাদেশ নিজেদের অর্ধের চাপ কাটিয়ে পালটা আক্রমণ গড়ে তোলার মতো সুযোগ খুব একটা পাচ্ছিল না।

চতুর্থ মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করে স্বাগতিকরা। কর্নার থেকে পাওয়া বলে গোলমুখে জোরালো শট নেন মালয়েশিয়ার এক আক্রমণভাগের খেলোয়াড়। তবে দ্রুত প্রতিক্রিয়ায় গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বলটি বাইরে পাঠিয়ে দেন।

১৮ মিনিটে আর নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর আরিফ আইমান। তপু বর্মণ তাঁকে থামানোর চেষ্টা করেও সফল হননি। পরে শ্রাবণও আরিফের শট ঠেকাতে পারেননি। এতে এগিয়ে যায় মালয়েশিয়া।

প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশের রক্ষণভাগের ভুল থেকে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ৩৮ মিনিটে তপু বর্মণের ভুল পাস থেকে বল পেয়ে যান আরিফ আইমান। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ফলে বিরতিতে ২-০ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।

বিরতির পর আক্রমণে কিছুটা সক্রিয় হওয়ার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ৫২ মিনিটে আরও একটি গোল হজম করে তারা। ডান দিক থেকে আসা বল বাম পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ে শট নেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। শটে খুব বেশি গতি না থাকলেও সেটি ঠেকাতে পারেননি শ্রাবণ। এতে মালয়েশিয়ার লিড হয় ৩-০।

৭৬ মিনিটে ম্যাচে ফেরার ভালো একটি সুযোগ পায় বাংলাদেশ। সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন হামজা চৌধুরী। সামনে তখন শুধু গোলরক্ষক। কিন্তু তাঁর প্রথম শট ঠেকিয়ে দেন মালয়েশিয়ার গোলকিপার। ফিরতি বল পেয়ে আবারও শট নেন বাংলাদেশের এই মিডফিল্ডার, সেটিও কর্নারের বিনিময়ে রুখে দেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে থমাস ডুলির দল। বড় ব্যবধানে পরাজয় দিয়ে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের মিশন শুরু হলো বাংলাদেশের।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত