ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এই কর্মসূচিতে কোনো ধরনের বাধা না দিয়ে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারের প্রতি আবেদন যে, এই সুশৃঙ্খল শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধার সৃষ্টি বা অন্তরায় সৃষ্টি করা না হয়।’
লংমার্চে অংশগ্রহণকারীদেরও ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এই লং মার্চের যাত্রীদেরকে ১১ দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছি, কোনো উসকানির মুখে চরম ধৈর্য এবং সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করব। আমরা কারো উসকানিতে পা দেব না। আমরা যদি একটু ক্ষতিগ্রস্ত হই, আমাদের গায়ে যদি একটা আঘাতও লাগে, আমরা তার প্রতিশোধের চেয়ে মনে করি, একটা আঘাতকে হলেও এই লং মার্চ সফল করার মধ্যে আমাদের সার্থকতা সবচেয়ে বেশি।’
বিএনপি, ক্ষমতাসীন দল, সরকার, প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ, সড়কপথের সংশ্লিষ্ট ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও পরিবহনসংশ্লিষ্টদেরও কর্মসূচিতে সহযোগিতার আহ্বান জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, ‘এত বড় কর্মসূচি, হাজার হাজার লোকের এই বহর, যেখানে সহস্রাধিক গাড়ি থাকবে, দিনের নিত্যদিনের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, যানবাহন চলাচলে হয়তো অনেকের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে, কিছু ভোগান্তি হয়তো হবে। আমরা আবারও তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘গণতন্ত্র, দেশ, জাতি, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনস্বার্থের প্রয়োজনে এ দেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেইসব আন্দোলনে এ দেশের অনেক শ্রেণি-পেশার মানুষ অনেক কষ্ট স্বীকার করেছে, অনেক দুর্ভোগ-ভোগান্তি আমরা অনেক সময় মেনে নিয়েছি।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘চট্টগ্রামের সে উদাহরণ দেশবাসী রেখেছে, প্রশাসন রেখেছে। আশা করি রংপুর অভিমুখী লং মার্চে তারা আমাদের এই দুঃখ প্রকাশ, অনুভূতি জানিয়ে তারা আমাদের এই লং মার্চকে সফল করবেন, ইনশাআল্লাহ।’
তিনি জানান, গত রাতে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা হয়ে রংপুর পর্যন্ত মোট সাতটি জনসভা ও পাঁচটি পথসভার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। প্রায় আট-দশ দিন ধরে দেওয়া নির্দেশনার ভিত্তিতে মহাসড়কের সঙ্গে সংশ্লিষ্ট সব শাখার আমির, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ সংগঠনের সব সঙ্গী-সাথিদের তৎপরতার কথাও তুলে ধরেন তিনি। গোলাম পরওয়ার বলেন, গত রাতে এসব শাখার নেতাদের সঙ্গে অনলাইন মিটিং হয়েছে এবং জনগণ, সব রাজনৈতিক দল, এমনকি প্রশাসনের কাছ থেকেও সহযোগিতা ও সহানুভূতি গত রাত পর্যন্ত পাওয়া গেছে। লংমার্চ সফল করতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত থাকার কথা তাঁরা নেতাদের জানিয়েছেন।
বাংলাদেশের গণতন্ত্র ও জন-আকাঙ্ক্ষার দাবি পূরণের লক্ষ্যে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে ছয়টি দাবি যুক্ত করা হয়েছিল বলে জানান গোলাম পরওয়ার। পরে রংপুর অভিমুখী লংমার্চ ঘোষণার সময় এর সঙ্গে আরও একটি দাবি যুক্ত করে সাত দফা করা হয়। ওই দাবির মধ্যে রয়েছে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব।
তিনি বলেন, গতকাল ১১ দলের শীর্ষ নেতারা বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক করেছেন। সেখানে উত্তরবঙ্গ তথা রংপুরের কোটি কোটি মানুষের বাঁচা-মরার দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি লংমার্চের দাবির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা ইতোমধ্যেই রংপুর পর্যন্ত গোটা উত্তরবঙ্গে এই মেসেজটা পৌঁছে দিয়েছি। তারা অত্যন্ত উল্লসিত, আনন্দিত। আস্থা রাখছেন যে বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে– এখনো দ্বিধাদ্বন্দ্ব, কোন সংশয়ের মধ্যে কাজ করছে, আমরা জানি না। এগুলো দূর করে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার তার কূটনৈতিক এবং সরকারি সব ধরনের পদক্ষেপ শুরু করার আহ্বান জানান।’
তিনি আরও বলেন, ‘আমরা এই দাবিটাও এই লং মার্চের মধ্যে রেখেছি। ফলে আমাদের উত্তরবঙ্গের এই লং মার্চের আট দফা দাবি। এটা বাস্তবায়নের জন্য ঢাকা থেকে রংপুর পর্যন্ত কোটি কোটি মানুষ এই লং মার্চকে সফল করার জন্য এখন প্রস্তুত।’
লংমার্চের সময়সূচি সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, যথাসময়ে আগামীকাল সকাল ৭টায় দেশের ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউ থেকে সমাবেশ শুরু হবে। এরপর সকাল ৮টায় ঢাকা শহরের উত্তর দিক দিয়ে টঙ্গী-গাজীপুর-টাঙ্গাইল হয়ে পাঁচটি পথসভার পয়েন্ট অতিক্রম করে রংপুরের দিকে যাত্রা করা সম্ভব হবে বলে জানান তিনি।
শেষে গোলাম পরওয়ার বলেন, ‘আশা করছি চট্টগ্রাম অভিমুখে লং মার্চ যেভাবে সফল হয়েছিল, উত্তরবঙ্গ অভিমুখে লং মার্চ তার চেয়ে কোনো অংশেই কম নয়। বরং আমরা এখন যে সাড়া দেখতে পাচ্ছি, তাতে মনে হয় যে তার চেয়েও আরো ব্যাপকভাবে এই লং মার্চ সফল হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়