×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সরকারও অবৈধ: নাসীরুদ্দীন

২০২৬ নভেম্বর ০১ ১৮:৫০:২০

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সরকারও অবৈধ: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তের প্রত্যাশা থাকলেও নির্বাচিত বিএনপি সরকার তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপি ও আওয়ামী লীগ মিলেমিশে একাকার হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে বিএনপি সরকারেরও আইনি ভিত্তি নেই। কারণ নির্বাচন হয়েছে দুটি। সে অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে তাঁরা অবৈধ সরকার বলবেন।

আজ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় যুব দিবস উপলক্ষে ‘রাষ্ট্র পুনর্গঠন ও তরুণদের কর্মসংস্থান’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে, এটা দেশের মানুষের কাছে স্পষ্ট। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য, যিনি সরকারের রাজনৈতিক উপদেষ্টা, তিনিও বলেছেন, ‘আমাদের ভাইয়েরা আওয়ামী লীগ থেকে টাকা খেয়ে মামলা থেকে বের করে দিচ্ছে।’ শামীম ওসমান নিজেই বলেছেন, তারা বিএনপিকে ভোট দিয়েছেন। সুতরাং বিএনপি যে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে তা সূর্যের মতো পরিষ্কার।’

নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার হয়েও বিএনপি সরকার নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করছে না। শেখ হাসিনা যে বন্দোবস্তে ছিলেন, তারেক রহমানও একই বন্দোবস্তে রয়েছেন। তাহলে তাদের মধ্যে পার্থক্য কোথায়? আমরা বলব, শুধু সমঝোতা নয়, তারা মিলেমিশে একাকার হয়ে গেছে। শেখ হাসিনা ও তারেক রহমানের মধ্যে কোনো পার্থক্য নেই।’

ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি তাদের কোনো প্রতিশ্রুতি রাখেনি। গণভোটে ‘হ্যাঁ’ বললেও নির্বাচনের পর বলছে, জুলাই সনদের আইনি ভিত্তি নেই। জুলাই সনদের যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে বিএনপি সরকারেরও কোনো আইনি ভিত্তি নেই। কারণ নির্বাচন হয়েছে দুটি। সে অনুযায়ী আমরা তারেক রহমানের সরকারকে অবৈধ সরকার বলব।’

জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা ছিলেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এমপি। সম্মেলন সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে টেকসই অবকাঠামো, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে... বিস্তারিত