×

ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

২০২৬ অক্টোবর ৩১ ২২:০২:৫৩

‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

নিজস্ব প্রতিবেদক: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসায় সরকার গঠন করে এখন যাঁরা গণভোটের সিদ্ধান্ত অমান্য করছেন, তাঁদের এ অবস্থান জনগণ মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ধাপে ধাপে আন্দোলন আরও শক্তিশালী করা হবে।

আজ শনিবার বিকেলে খুলনার ঐতিহাসিক শিববাড়ী মোড়ে সাত দফা দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।

বিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে যাঁরা বলেছিলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা বাস্তবায়ন করবেন, তাঁরাই এখন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গণভোট মানছেন না। তিনি বলেন, ৭০ শতাংশ ভোটার গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। সংসদে দাঁড়িয়ে তাঁরা বলেছিলেন, গণভোটের সিদ্ধান্ত মেনে নিয়েছেন, যাতে ভোট আয়োজন কোনোভাবেই বিলম্বিত না হয়। অর্থাৎ ক্ষমতায় বসতে যেন দেরি না হয়। এখন ক্ষমতায় বসার পর গণভোটের বিষয়ে আর কোনো কথা নেই।

বর্তমান সরকার কিছু কার্ড বিতরণ ছাড়া আর কিছুই করেনি বলে মন্তব্য করেন জামায়াতের আমির। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘কার্ডে দিচ্ছেন এক হাজার, দেড় হাজার, দুই হাজার, আড়াই হাজার টাকা। আর শুধু গ্যাস বিল, কারেন্ট বিল থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা। গ্যাস দিতে পারেন না, কিন্তু বিল তো দিতে হয়। কারেন্টে ভুতুড়ে বিল আসে। এগুলোর মাধ্যমে জাতির অর্থকে ডাকাতি করা হচ্ছে।’

সারের পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘কৃষক সার পায় না, পাবে কেমনে? নতুন করে উনারা ডিলার নিয়োগ দিচ্ছেন ২০-২৫, ৩০ লাখ, ৫০ লাখ, ১ কোটি টাকা ঘুষ নিয়ে। এটা নিয়ে হইচই হচ্ছে, আবার নিজেদের মধ্যে খাবলাখাবলি হচ্ছে। জীবন চলে যাচ্ছে, কিন্তু কৃষক তো সার পায় না। আমরা এই দাবি নিয়ে মাঠে নেমেছি।’

আন্দোলনে নামার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ জাতিকে চাঁদার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার শুরু হয়েছে, এই লুটপাট ঠেকিয়ে দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। পরিষ্কার বার্তা এবার বাস্তবায়ন হবে ইনশা আল্লাহ। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি একটার পর একটা, শক্ত থেকে মহাশক্তের দিকে যাবে।’

প্রয়োজনে এক দফার আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান জামায়াতের আমির। এ জন্য গ্রামবাংলার প্রতিটি ঘর থেকে সবাইকে ঢাকায় গিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, ‘যত দিন পর্যন্ত একটা শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ হিসেবে গঠিত না হবে, আমাদের আন্দোলন চলবে ইনশা আল্লাহ।’

১১-দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক ও খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এ ছাড়া সমাবেশে এনসিপি, এবি পার্টি, জাগপা, লেবার পার্টি, ছাত্রশিবিরসহ ১১-দলীয় ঐক্যের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং সংসদ সদস্যরা বক্তব্য দেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত