ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
নৈতিক শিক্ষাও পাঠ্যশিক্ষার মতো গুরুত্বপূর্ণ: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান বা গণিত- পদার্থবিজ্ঞানের মতো বিষয় শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে নৈতিক শিক্ষারও গভীর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, একটি সমাজ গড়ে তুলতে ন্যায়নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরস্পরকে বোঝার চেষ্টা করা এবং একে অপরের মর্যাদা যথাযথভাবে দেওয়া জরুরি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হলের অডিটোরিয়ামে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ‘৪র্থ হিফজ এবং ও/এ লেভেল সমাবর্তন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, প্রচলিত শিক্ষাকাঠামোয় নৈতিক শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়নি। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে নৈতিক শিক্ষার চর্চা করছে—এ জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা করেন তিনি।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সমাবর্তনে ৫৪ জন শিক্ষার্থীকে পূর্ণ হাফেজ হিসেবে এবং ৮৫ জনকে ও-লেভেল ও এ-লেভেল গ্র্যাজুয়েট হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান। তিনি বলেন, ২০১৫ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ ১২ বছরের পথচলায় নানা বাধা, ত্যাগ, প্রতিকূলতা ও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। তবে একটি স্বপ্ন তাঁদের পথ দেখিয়েছে—কুরআনের শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান এবং একাডেমিক সাফল্যের সঙ্গে নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।
খান মো. আক্তারুজ্জামান শিক্ষার মান ও সেবার উৎকর্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মিথ্যা তথ্য, চটকদার বিজ্ঞাপন কিংবা বাস্তবায়ন-অসম্ভব প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করা উচিত নয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিশুদের ভবিষ্যৎও প্রচারণার বিষয় নয়; শিক্ষা একটি আমানত।
তিনি আরও জানান, ২০২৬ ও ২০২৭ শিক্ষাবর্ষে আসনসংখ্যা সীমিত থাকা সত্ত্বেও প্রায় ১ হাজার আবেদনের মধ্য থেকে ৪০০ শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হয়েছে। অভিভাবকদের চাহিদা বিবেচনায় শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জনবহুল ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা আফতাবনগরসংলগ্ন বনশ্রীতে একটি শাখা প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি লালমাটিয়ায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যেও কাজ চলছে।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া দীর্ঘদিন ধরে পবিত্র আল-কুরআনের শিক্ষা, ইসলামী মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যমের শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক চরিত্র বিকাশে কাজ করছে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, চেয়ারম্যানের উদ্বোধনী বক্তব্য, এভেরোজের থিম সং, আসমাউল হুসনা, প্রতিষ্ঠানের প্রামাণ্যচিত্র প্রদর্শন, হিফজ ও ও/এ লেভেল সমাবর্তন, আরবি ও ইংরেজি নাশিদ, বালক ও বালিকাদের সম্মিলিত কুরআন তিলাওয়াত, বাংলা গানের ম্যাশআপ এবং বিশেষ নাট্যপ্রদর্শনী। এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অধ্যক্ষের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়াল্লাহ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারোয়ার রেজা, অক্সফোর্ড এ কিউ এ-র কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)