×

ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

‘দেশের ৪,৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করবে সরকার’

২০২৬ অক্টোবর ৩১ ১৬:৫৯:৪৫

‘দেশের ৪,৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করবে সরকার’

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে ৩ থেকে ৮ বিঘা খাসজমি নিয়ে তা সংস্কার করে খেলার মাঠ হিসেবে গড়ে তোলা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম, যুবক ও যুব নারীদের জন্য এসব খেলার মাঠ উন্মুক্ত করে দেওয়া হবে।

শনিবার দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, সারা দেশে জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় আট বিভাগের স্টেডিয়ামে ইনডোর ফ্যাসিলিটিজ ও সুইমিংপুল স্থাপনসহ সংস্কারকাজ করা হবে। এ জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এতে অবকাঠামোগত সংকট দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। বিসিবি থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশনে নানা অভিযোগ রয়েছে। মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও (দুদক) কাজ করছে। প্রতিটি ক্রীড়া সংস্থা ও ফেডারেশনকে জবাবদিহির আওতায় আনা হবে। পাশাপাশি দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী বছরের জানুয়ারি থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আর্চারি, শুটিংসহ ১৫টি ইভেন্ট নিয়ে খেলাধুলার ক্যালেন্ডার তৈরির আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ক্যালেন্ডার অনুযায়ী বছরজুড়ে বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ের খেলোয়াড়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা খেলাধুলাকে পেশা হিসেবে নিশ্চিত করতে চাই।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় অনলাইনে এর উদ্বোধন করবেন। এ ছাড়া ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জনের মধ্যে ৪০ জনকে নির্বাচিত করে স্থায়ীভাবে বিকেএসপিতে পড়াশোনার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত