×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১২:১৫:৪৭

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে তানজীব হোসেন মিশা নামে এক ছাত্রদল নেতাকে মারধর ও অস্ত্র উঁচিয়ে হুমকির অভিযোগে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত একটি চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

মিশা মিরপুর থানার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব। বহিষ্কৃত বিএনপি নেতা হলেন ফয়সাল আহমেদ। তিনি মিরপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিএনপি নেতা হাজী দেলোয়ার হোসেন দুলুর অফিসে একটি সালিশের ঘটনাকে কেন্দ্র করে মিশাকে মারধর ও অস্ত্র উঁচিয়ে হুমকি দেন ফয়সাল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুরের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।

ভিডিওটি ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নজরে এলে তাঁরা ফয়সালকে গত ১০ সেপ্টেম্বর একটি কারণ দর্শানোর নোটিশ দেন। পরে নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় ফয়সালকে দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফয়সালকে গত ১০ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি কারণ দর্শানোর যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক না হওয়ায় দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হলো।

এ ব্যাপারে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক বলেন, এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগে ফয়সালকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত