×

ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি

২০২৬ সেপ্টেম্বর ০৮ ২১:৪৬:১০

ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি

স্পোর্টস ডেস্ক:বিশ্ব ফুটবলের ব্যক্তিগত সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরের এবারের সংক্ষিপ্ত তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে ব্যালন ডি’অরের এবারের আসর। ১৭ বারের মতো এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মহাতারকা।

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের লড়াইয়ে আছেন ইংলিশ তারকা হ্যারি কেইন, ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের মতো তারকারা।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মনোনীতদের নাম ঘোষণা করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ কর্তৃপক্ষ। বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইয়ে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে তারা।

রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন জাদুকর গেল দুইবার তালিকায় জায়গা পাননি।

টানা তৃতীয়বারের মতো সংক্ষিপ্ত তালিকায় নেই আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি এই পুরস্কার জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার। সর্বোচ্চ ১৮ বার মনোনয়ন পাওয়ার রেকর্ড তার।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি ছাড়াও আর্জেন্টিনা দলের আরো এক সদস্য রয়েছেন। ক্লাব ফুটবলের পাশাপাশি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছেন লাউতারো মার্তিনেজ।

সংক্ষিপ্ত তালিকায় আছেন ২০২৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী উসমান দেম্বেলে। এছাড়া জায়গা করে নিয়েছেন হ্যারি কেইন, জুড বেলিংহাম ও রদ্রির মতো বিশ্বকাপ মাতানো তারকারা।

২০২৬ সালের বিশ্বকাপে আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি দেখিয়েছেন, তিনি এখনো বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে আটটি গোল করার পাশাপাশি ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মুকুটও ক্ষণিকের জন্য নিজের করে নিয়েছিলেন আলবিসেলেস্তে দলপতি।

ব্যালন ডি’অরের দৌড়ে মেসির পাশাপাশি আলোচনায় রয়েছেন বিশ্বকাপে নিজেদের সেরাটা মেলে ধরা রদ্রি ও লামিন ইয়ামাল। ফলে এবারের পুরস্কার ঘিরে তারকাদের লড়াইও হয়ে উঠেছে বেশ জমজমাট।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত