×

ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

'স্থানীয় নির্বাচনে নতুন নির্দেশনা দিল ইসি'

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৩:১৯:০৮

'স্থানীয় নির্বাচনে নতুন নির্দেশনা দিল ইসি'

নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য দেওয়া বা তথ্য গোপন করা হলে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি প্রতিষ্ঠানের মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, ভোটকেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নির্বাচন বন্ধসহ একগুচ্ছ সংশোধনী প্রস্তাব করেছে কমিশন। তবে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেনি ইসি।

সম্প্রতি স্থানীয় সরকার আইন ও বিধি সংশোধনের এসব প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। ইসি ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রস্তাবে হলফনামায় নতুন তথ্য সংযুক্ত করা, অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি প্রতিষ্ঠানের মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ বেশ কিছু সংশোধনীর কথা বলা হয়েছে। এ ছাড়া ভোটকেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট নির্বাচন বন্ধের ক্ষমতা ইসির হাতে রাখার প্রস্তাব করা হয়েছে।

নির্বাচনসংশ্লিষ্টদের মতে, ইসির এসব সংশোধনী কার্যকর হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সুযোগ কিছুটা হলেও তৈরি হবে। তবে ইসি বলছে, পলাতকদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধে জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ বন্ধ করা হয়েছিল। এরই অংশ হিসেবে স্থানীয় সরকার নির্বাচনেও অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ বাতিলের প্রস্তাব করা হয়েছে।

তবে একাধিক স্থানে মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকবে। ফলে নির্বাচনে বাধা দিয়ে কারও প্রার্থী হওয়ার পথ বন্ধ করা কঠিন হবে। পাশাপাশি নির্বাচনি অপরাধে সাজা বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে।

চলতি মাসে কিছুসংখ্যক ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে ইসি। এবারও ধাপে ধাপে এ ভোট হবে। প্রথম পর্যায়ে উপকূলীয় জেলা বরিশাল, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলার ইউনিয়ন পরিষদকে বিবেচনায় রাখা হচ্ছে। শিগগিরই কমিশন সভায় কোন কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

ওই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচনের আইনের সংশোধনী এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধির সংশোধনীর প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইনে প্রায় একই ধরনের সংশোধনীর প্রস্তাব করেছে ইসি। চূড়ান্ত প্রস্তাবে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর নাম বহাল রাখা হয়েছে।

দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব করা হয়েছে। তবে কেউ অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। একইভাবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা চাকরিতে থেকে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যদিও জামায়াতে ইসলামী এ প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে। ইসি তাদের চূড়ান্ত প্রস্তাবে ওই বিধান বহাল রেখেছে।

ঋণখেলাপি ও বিলখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা হয়েছে, তাদেরও নির্বাচনে অযোগ্য করার কথা বলা হয়েছে। হলফনামায় অসত্য তথ্য দেওয়া বা তথ্য গোপন করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। তবে হলফনামা কোন প্রক্রিয়ায় যাচাই করা হবে, তা পুরোপুরি পরিষ্কার করেনি ইসি।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনি অপরাধের সাজা বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে। নির্বাচনি অপরাধে ন্যূনতম ছয় মাস থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের সময়সীমা সম্পর্কেও নতুন বিধান যুক্ত করার প্রস্তাব করেছে ইসি। এতে পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বিধান আনা হয়েছে। তবে কোনো কারণে ওই সময়ে ভোট করা সম্ভব না হলে ইসি সুবিধাজনক সময়ে ভোট করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব আইনের সংশোধনী সংসদে পাস হতে হবে। চলতি অধিবেশনে এসব সংশোধনী সংসদে ওঠার সম্ভাবনা ক্ষীণ। তবে সংশোধনী পাস না হলে বিদ্যমান আইনেই নির্বাচন হবে।

ইমামুল

ট্যাগ: ইসি নির্বাচন কমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রণালয় জাতীয় সংসদ এমপিওভুক্ত শিক্ষক জামায়াতে ইসলামী ঋণখেলাপি মনোনয়নপত্র তথ্য গোপন Bangladesh Election Bangladesh Election Commission প্রার্থিতা বাতিল নির্বাচনি আচরণবিধি EC Bangladesh Election Commission হলফনামা স্থানীয় নির্বাচন দ্বৈত নাগরিক নির্বাচনি আইন সংশোধন নির্বাচনি অপরাধ স্থানীয় সরকার নির্বাচন সিটি করপোরেশন নির্বাচন পৌরসভা নির্বাচন স্থানীয় সরকার আইন বিলখেলাপি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন জেলা পরিষদ নির্বাচন অসত্য তথ্য ভোটকেন্দ্রে অনিয়ম নির্বাচন বন্ধ স্থানীয় সরকার বিধি নির্বাচন কমিশনের প্রস্তাব Local Government Election Election Law Affidavit Candidate Eligibility Local Election

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত