×

ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার

২০২৬ অক্টোবর ২২ ২০:৫৬:০৭

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন নিয়ে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্পিকার।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে ধারণা পাওয়া যায় বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত।

স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বপূর্ণ স্তর হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে এসব নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন কমিশনের ওপরও তাঁদের আস্থা রয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজের সংসদীয় আসনে বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানে ‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’ বলে মন্তব্য করেছিলেন স্পিকার। এ বিষয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এসব কথা আমি আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বলেছি। তারা তখন এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, সমাজের ভালো লোকের নির্বাচন করা সম্ভব হয়নি। আশা করি এ অবস্থার অবসান হবে, বর্তমান সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। অন্তবর্তীকালীন সরকারের এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার উচিত ছিল, নেয়নি। তবে নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার প্রয়োজন।’

সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন স্পিকার। এ জন্য নির্বাচন কমিশনকে একটি পদ্ধতি নির্ধারণের পরামর্শও দেন তিনি।

দ্বীপজেলা ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপাতদৃষ্টিতে দেশের মোট গ্যাসের মজুতের সমপরিমাণ গ্যাস ইতিমধ্যে ভোলায় পাওয়া যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সেখানে আরও বিপুল পরিমাণ গ্যাসের ভান্ডার রয়েছে।

স্পিকার বলেন, এসব গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সরকার বিদেশে যোগাযোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহজ বিকল্প ভোলাতেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার বলেও জানান স্পিকার।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর এবং ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত