ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে আমাদের অস্থির হওয়ার কোনো কারণ ছিল না। দেশের এমন পরিস্থিতি তৈরি হবে আর আমরা বসে থাকব, তা হতে পারে না। সবকিছু দেখে মনে হচ্ছে, আরেকটি বিপ্লব আসন্ন। সেই বিপ্লবের জন্য আমি দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বুধবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, পাপের পরিণতি পেতে কিছুটা সময় লাগে। তবে একসময় সেই পাপই পচে গিয়ে ঝরে পড়ে। এখন সেই পাপে পচন ধরেছে। সরকার যদি তা বুঝতে পারে, তাহলে ভালো। না বুঝতে পারলে তাদের পতন কেউ ঠেকাতে পারবে না।
তিনি বলেন, বিপ্লব কোনো বয়স মানে না। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেমন শিশু থেকে বৃদ্ধ—সবাই রাজপথে ছিলেন, তেমনি আগামী দিনেও সবাই এই আন্দোলনের অংশ হবেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম অব্যাহত থাকবে।
জেল-জুলুম ও ফাঁসির ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, জাতির মুক্তির জন্য যদি ফাঁসির রশিও প্রয়োজন হয়, তবে সেটিকে ফুলের মালা হিসেবে গ্রহণ করবেন। ফাঁসির মঞ্চেও তারা ভীত হবেন না; বরং বিজয়ের জয়ধ্বনি উচ্চারণ করবেন।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে আপনারাও মজলুম ছিলেন। অথচ যেসব জুলুম ও অপকর্মের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে, এখন সেগুলোরই পুনরাবৃত্তি করা হচ্ছে। তিনি ফ্যাসিবাদী আচরণ পরিহারের আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সম্মান করলে জনগণও ফুল দিয়ে বরণ করবে। একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই দেশকে ভালোবাসি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করবো না।’
তিনি আরও বলেন, ‘আমাদের জনমত ও গণরায় মেনে নিন। ৭০ ভাগ মানুষের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে অপমান করে কেউ টিকে থাকতে পারেনি। ইতিহাস সাক্ষী, যারা জনগণের রায়কে অস্বীকার করেছে, তাদের অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে।’
ডা. শফিকুর রহমান বলেন, আপস করার জন্য প্রতিনিয়ত তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের লোভও দেখানো হচ্ছে। তবে দেশবাসীকে সাক্ষী রেখে তিনি বলেন, জনগণের গণরায়ের পাহারাদারি তারা করবেন এবং কোনো কিছুর বিনিময়ে, এমনকি জীবনের বিনিময়েও এ দাবি থেকে সরে আসবেন না।
দেশের শিক্ষাঙ্গনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির অভিযোগ করেন, গত কয়েক দিনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে ছাত্র-শিক্ষক সবাই আতঙ্কগ্রস্ত। গণরুম ও গেস্টরুমের সেই ফ্যাসিবাদী সংস্কৃতি আবার ফিরে আসছে কি না, সে আশঙ্কাও তৈরি হয়েছে। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশে বলেন, যেখানেই অন্যায় হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।
গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর আগে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়। জনগণ অতিষ্ঠ হয়ে পড়ার পর দাম বাড়িয়ে সংকট দূর করা হয়। যদি দাম বাড়ানোর পর সংকট দূর করা সম্ভব হয়, তাহলে আগে তা করা হয় না কেন এ প্রশ্ন তুলে তিনি একে জনগণের সঙ্গে প্রতারণা এবং ফ্যাসিবাদী চর্চা বলে মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতে যারা জনগণের সম্পদ লুটপাট, চুরি ও ডাকাতি করেছে, তাদের সেই প্রবৃত্তির কোনো পরিবর্তন হয়নি। সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের এক নেতার বক্তব্যই তার প্রমাণ এবং এটি কার্যত একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জনগণের দুর্ভোগ, সন্ত্রাস, ফ্যাসিবাদ ও অধিকার হরণের বিরুদ্ধে যেখানেই অন্যায় হবে, সেখানেই প্রতিবাদ গড়ে তোলা হবে। তিনি বলেন, বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না এবং ফ্যাসিবাদমুক্ত, মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল