ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

স্কুল ফিডিংয়ের খাবারের মানে অনিয়ম সহ্য করা হবে না: ববি হাজ্জাজ

২০২৬ জুলাই ২৭ ১৭:৩৫:৪৬

স্কুল ফিডিংয়ের খাবারের মানে অনিয়ম সহ্য করা হবে না: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির খাবারের মান নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের কাছে কোনো নিম্নমানের খাবার পৌঁছাতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোথাও অনিয়ম বা অবহেলার প্রমাণ মিললে তাৎক্ষণিকভাবে প্রতিবেদন দিতে হবে।

সোমবার সুনামগঞ্জ পৌরসভার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পের ওরিয়েন্টেশন এবং শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় অনেক ইতিবাচক কাজ হলেও সেগুলোর যথাযথ প্রচার হচ্ছে না। বরং নেতিবাচক প্রচারণা বেশি হচ্ছে। এ পরিস্থিতি বদলাতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। স্থানীয় জনগণকে বিদ্যালয়ের কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি স্কুলে ‘বন্ধু রেজিস্টার’ রাখতে হবে, যেখানে প্রতিষ্ঠানের আশপাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদ্যালয়ের উন্নয়নে পরামর্শ দেবেন। পাশাপাশি ভালো কাজগুলোও মানুষের সামনে তুলে ধরতে হবে।

প্রাথমিক শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের প্রতিটি উদ্যোগ ও প্রচেষ্টা দেশ ও মানুষের কল্যাণে। শিক্ষকদের পে-স্কেল বা সম্মানী—যা-ই বলেন, তার উন্নয়নে কাজ চলছে। আমরা শিক্ষকদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে চাই। সে জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের দায়িত্ববোধও বাড়াতে হবে। একক নয়, সম্মিলিত প্রচেষ্টাতেই সফলতা আসবে।’

হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থা নিয়েও সরকার বিশেষভাবে ভাবছে বলে জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, সুনামগঞ্জ হাওরাঞ্চল হওয়ায় এখানে স্কুল ফিডিং প্রকল্পের পাইলট কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর আওতায় জেলার প্রায় অর্ধেক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্ষাকালে শিক্ষার্থীদের উপস্থিতি কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য নূরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম, স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক আবু আমিন, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস এবং সুনামগঞ্জ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহান্ত।

অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সুনামগঞ্জ পিটিআই পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ঘুরে দেখেন, তাঁদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। মতবিনিময় সভা শেষে তিনি জেলার তাহিরপুর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আবারও বেড়েছে সোনার দাম

আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি... বিস্তারিত