ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

পেনশন সেবায় ডিজিটাল রূপান্তর, কমবে হয়রানি

২০২৬ জুন ২৪ ২০:৩৫:৩৪

পেনশন সেবায় ডিজিটাল রূপান্তর, কমবে হয়রানি

নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন আবেদন ও অনুমোদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করতে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস)’ চালু করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ডিজিটাল ব্যবস্থা সরকারি সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহি বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওপিটিএমএস বিষয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমস (এসপিএফএমএস)’ কর্মসূচির আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

এই কর্মসূচির লক্ষ্য হলো অবসরের আগের পেনশন প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা, যাতে আবেদনকারীদের বারবার অফিসে যেতে না হয় এবং পুরো কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়।

প্রতিমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীরা প্রায়ই পেনশনসংক্রান্ত কাজে আমলাতান্ত্রিক জটিলতা ও অপ্রয়োজনীয় অফিসে যাতায়াতের কারণে হয়রানির শিকার হন। ওপিটিএমএস পুরোপুরি চালু হলে পেনশনাররা ডিজিটাল পদ্ধতিতে তাদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি হয়রানিও কমবে।

তিনি আরও বলেন, সেবাগ্রহীতারা যদি সশরীরে সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা নিতে পারেন, তবে তা দুর্নীতি কমানোর একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।

এ সময় প্রতিমন্ত্রী ১০০ শতাংশ পেনশন সমর্পণকারী পেনশনারদের বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো পেনশনার মারা গেলে তার পরিবার পুনর্বহালের সুবিধা পায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে এ নীতিমালা পুনর্বিবেচনার পরামর্শ দেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মহাহিসাব নিয়ন্ত্রক এস এম রেজভী। স্বাগত বক্তব্য দেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও এসপিএফএমএসের ন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর ড. জিয়াউল আবেদীন।

কর্মশালায় জানানো হয়, সিস্টেমটি প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরে এটি অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়সহ সব মন্ত্রণালয় এবং মাঠপর্যায়ের দপ্তরে সম্প্রসারণ করা হবে।

ওপিটিএমএসের অন্যতম সুবিধা হলো এসএমএস অ্যালার্ট ব্যবস্থা। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা তাদের পিআরএল (অবসর উত্তর ছুটি) শুরুর ১১ মাস আগে স্বয়ংক্রিয় বার্তা পাবেন। পাশাপাশি রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধার মাধ্যমে আবেদনকারীরা অনলাইনে তাদের ফাইলের বর্তমান অবস্থা সরাসরি দেখতে পারবেন।

এ ছাড়া সমন্বিত ডেটা ব্যবস্থার মাধ্যমে আইবিএএস প্লাস প্লাস থেকে স্বয়ংক্রিয়ভাবে চাকরিসংক্রান্ত তথ্য ও আর্থিক বিবরণী সংগ্রহ করা হবে, ফলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে ফাইল নিয়ে ঘুরতে না হওয়ায় হয়রানিমুক্ত সেবা নিশ্চিত হবে।

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অবসরের পর অনেক কর্মচারী নিজেদের অসহায় মনে করেন। নতুন এ সিস্টেম তাদের আত্মবিশ্বাস বাড়াবে। তিনি ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ চালুর মাধ্যমে অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

মহাহিসাব নিয়ন্ত্রক এস এম রেজভী জানান, পেনশনের পরবর্তী ব্যবস্থাপনার বড় অংশ ইতোমধ্যেই ডিজিটাল হয়েছে এবং ইএফটির মাধ্যমে অর্থ সরাসরি ব্যাংক হিসাবেও পাঠানো হচ্ছে। নতুন সিস্টেমটি পেনশনের আগের ধাপগুলোকে আরও সহজ ও কার্যকর করবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসপিএফএমএস প্রোগ্রাম এক্সিকিউটিভ ড. মাহফুজা বেগম। এতে অফিস ম্যাপিং, এনওসি এবং অডিট আপত্তি নিষ্পত্তির মতো চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সরকারি পেনশন সেবা আরও দ্রুত, স্বচ্ছ এবং জনবান্ধব হয়ে উঠবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ