ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ঢাবি ভর্তি পরীক্ষায় আসতে পারে নতুন ইউনিট
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আইন অনুষদের জন্য পৃথক ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। একই সঙ্গে কলা অনুষদের তিনটি বিভাগও স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছে। এসব প্রস্তাব পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
তিনি জানান, আইন অনুষদের পাশাপাশি কলা অনুষদের সংগীত, নৃত্যকলা এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ উপাচার্যের কাছে পৃথক ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তাব জমা দিয়েছে। এসব প্রস্তাব মূল্যায়নের জন্য কলা, চারুকলা ও আইন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট তিন বিভাগের চেয়ারম্যানদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন অনুষ্ঠিত ‘২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার পদ্ধতিগত পরিবর্তন, আসন পুনর্বিন্যাস, শূন্য আসন পূরণ ও সংস্কার’ বিষয়ক কমিটির সভায় আইন বিভাগের পক্ষ থেকে আইন অনুষদের জন্য পৃথক ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয়।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, বিভিন্ন অনুষদ পৃথক ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। কিছু ক্ষেত্রে এ বিষয়ে কমিটিও গঠন করা হয়েছে। আইন অনুষদের মতে, পৃথক পরীক্ষা চালু করা হলে তারা আরও দক্ষতার সঙ্গে শিক্ষার্থী নির্বাচন করতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশের অনুরূপ ব্যবস্থার উদাহরণ তুলে ধরে আইন অনুষদ এ প্রস্তাব দিয়েছে। বিষয়টি বাস্তবসম্মত কি না, তা যাচাইয়ের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে, যার সদস্য হিসেবেও তিনি রয়েছেন।
তিনি আরও বলেন, আইন অনুষদের পাশাপাশি নৃত্যকলা, সংগীত এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগও পৃথক ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছে। এ বিষয়ে কলা, চারুকলা ও আইন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের মতামত নিয়ে আগামী ২১ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা সংস্কার কমিটির কাছে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে পৃথক ভর্তি পরীক্ষার প্রশ্নে কমিটির সব সদস্য একমত নন। যদিও কিছু ক্ষেত্রে স্বতন্ত্র পরীক্ষা গ্রহণের সুযোগ থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, ১৭ জুনের সভায় আইন অনুষদের ভর্তি পরীক্ষা পৃথক ইউনিটে নেওয়ার বিষয়ে আইন অনুষদের ডিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্তও অনুমোদনের জন্য প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর পাঠানো হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আইন, সামাজিক বিজ্ঞান, কলা, ইঞ্জিনিয়ারিং এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনদের।
অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষায় নতুন ইউনিট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর থেকেই তা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে, তাই সংশ্লিষ্ট অনুষদগুলো দ্রুত যুক্তি ও তথ্যসহ প্রতিবেদন জমা দিলে ইউনিট সংখ্যা বাড়তে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ