ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় বাংলাদেশের তিনজন
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের তিনজন স্থান পেয়েছেন। তাঁরা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।
প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দলকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে প্রধানমন্ত্রী হন। ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার বিষয়টিও তাঁর পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।
তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন তিনি। ড. হামিদা হোসেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন।
অন্যদিকে রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা এবং মানবপাচারের ঘটনা তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে। রোহিঙ্গা নারীদের সহায়তায় তিনি রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটিও প্রতিষ্ঠা করেন।বছরের সেরা পুরুষ ও নারী‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। গাজায় যুদ্ধের মধ্যেও রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া এবং ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। ওই হামলায় নিহত তাঁর সহপাঠী ও শিক্ষকদেরও সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনায় বলা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও বক্তব্য দিয়েছেন।যেভাবে তৈরি হয় তালিকা‘দ্য মুসলিম ৫০০’-এর এবারের সংস্করণটি ১৮তম বার্ষিক আয়োজন। এতে বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের তুলে ধরা হয়েছে।
তালিকা তৈরির ক্ষেত্রে ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিদের প্রভাব বিবেচনা করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা, বই প্রকাশ, জনমত, বিশেষজ্ঞদের মতামত এবং দীর্ঘমেয়াদি অবদানও মূল্যায়নের আওতায় থাকে।
প্রকাশনাটিতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে তালিকাভুক্ত করা হয়েছে। এসব শ্রেণির মধ্যে রয়েছে ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, ধর্মীয় প্রশাসন, ধর্মপ্রচারক, দাতব্য কার্যক্রম, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম এবং খেলাধুলা।
প্রকাশক সংস্থাটি জানিয়েছে, তালিকায় কারও নাম থাকা মানেই তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন নয়। মুসলিম বিশ্বে ওই ব্যক্তির প্রভাব পরিমাপ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট