ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: চার দশকের অপেক্ষার পর অবশেষে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। ফলে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জয়ের নতুন অধ্যায় রচিত হলো।
বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বৃষ্টির কারণে নির্ধারিত ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয় ৪১ ওভারে ১৯২ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে জাভিয়ের বার্টলেটের শিকার হন তানজিদ হাসান তামিম।
তবে সেই চাপ সামলে ইনিংস গড়ে তোলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দুজনই দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিলেও কেউ ফিফটির দেখা পাননি। দলীয় ৮৬ রানে ৪৭ বলে ৪২ রান করে বিদায় নেন সৌম্য। এরপর ৫৩ বলে ৪২ রান করে আউট হন শান্ত।
চার নম্বরে নেমে লিটন দাস কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ২১ রান করে দলীয় ১২২ রানে আউট হন তিনি।
একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তাওহীদ হৃদয়। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকত দ্রুত রান তোলার চেষ্টা করলেও ১৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে ধৈর্যের সঙ্গে ম্যাচ শেষ করেন হৃদয়। ফলে ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এবং নিশ্চিত হয় ঐতিহাসিক সিরিজ জয়।
অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন রিলে মেরেডিথ, জাভিয়ের বার্টলেট, ক্যামেরন গ্রিন, অ্যাডাম জাম্পা ও ম্যাট রেনশ।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। ইনিংসের চতুর্থ বলেই ম্যাথু শর্টকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙেন তাসকিন আহমেদ।
পরের ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজুর রহমান। এরপর ম্যাট রেনশও মোস্তাফিজের বলে আউট হন। প্রথমে আম্পায়ার আউট না দিলেও বাংলাদেশের রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়।
সপ্তম ওভারে মোস্তাফিজের বলেই ফেরেন অ্যালেক্স কেরি। ১৭ বলে ১৩ রান করা এই ব্যাটার নাজমুল শান্তর হাতে ক্যাচ তুলে দেন। এতে শুরুতেই বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া।
চাপের মধ্যে জস ইংলিস ও ক্যামেরন গ্রিন একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ার চেষ্টা করেন। তবে তানভীর ইসলামের স্পিনে ভাঙে সেই প্রতিরোধ। ৩৮ বলে ৩৪ রান করা ইংলিস আউট হওয়ার পর ৫০ বলে ২৫ রান করা গ্রিনও ফেরেন একই বোলারের শিকার হয়ে।
গ্রিনের বিদায়ের পর অস্ট্রেলিয়ার রান দুইশোর নিচে থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু জাভিয়ের বার্টলেট ও মার্নাস লাবুশেন দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে লড়াইয়ে ফেরান। দুজনই ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন এবং তাদের জুটি একশ রানও অতিক্রম করে।
তবে ৪৮ বলে ৫২ রান করা বার্টলেটকে বোল্ড করে সেই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। পরের বলেই অ্যাডাম জাম্পাকে বোল্ড করে পরপর দুই উইকেট তুলে নেন তিনি।
এর কিছুক্ষণ পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও আর মাঠে ফেরা সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার। ফলে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানেই থামে তাদের ইনিংস। পরে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নেন। এছাড়া তানভীর ইসলাম শিকার করেন দুটি উইকেট। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ, আর সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথম সিরিজ জয়ের স্মরণীয় ইতিহাস গড়ে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড