ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

৩১ মার্চের পরেও আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ, আবেদন যেভাবে

২০২৬ মার্চ ২৩ ১৩:৫২:২৫

৩১ মার্চের পরেও আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ, আবেদন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ মার্চ পর্যন্ত ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত আছে। এবার এনবিআর তিন দফা সময় বাড়িয়েছে, যা শেষ হলে আর কোন প্রকার সময় বৃদ্ধি হবে না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ৪১ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এনবিআরের ই–রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ করদাতা নিবন্ধিত, আর বর্তমানে এক কোটি ২০ লাখ টিআইএনধারী রয়েছেন। ৩১ মার্চ পর্যন্ত ব্যক্তি করদাতারা তাদের বার্ষিক আয়-ব্যয় জানিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন। চলতি বছরে, কিছু ব্যতিক্রম ছাড়া, সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

যদি কোনো কারণে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা না দিতে পারেন, দুশ্চিন্তা নেই। এবার এনবিআর অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করার সুযোগ দিয়েছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইটে লগইন করে ‘Time Extension’ মেনু ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদনের পর সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে অনুমোদন বা নামঞ্জুর করবেন। মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন জমা দেওয়া যাবে।

অনলাইনে আবেদনের জন্য করদাতার ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন থাকা বাধ্যতামূলক। যাদের জন্য অনলাইন জমা বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে বা লিখিতভাবে কর সার্কেলে আবেদন করতে পারবেন। ব্যক্তিগত আবেদন ৩১ মার্চের আগে দিলে কর কমিশনার ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, রিটার্ন জমার সময় বৃদ্ধির প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ করার জন্য পুরো সিস্টেম অনলাইনে চালু করা হয়েছে। এতে করদাতারা সহজেই সময় বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন এবং নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল করতে সুবিধা পাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত