ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

এখনো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়নি: জামায়াত

২০২৬ মার্চ ১৯ ১২:৫৯:২৪


এখনো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়নি: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়ক ও রেলপথে ঘটানো দুর্ঘটনায় মানুষের নিরাপত্তা সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের সাধারণ জনগণের নিরাপদ যাতায়াতের অধিকার এখনও নিশ্চিত করা যায়নি, যা অত্যন্ত চিন্তার বিষয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় মো. সোহেলের মৃত্যু হৃদয়বিদারক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান ও আহতদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেন।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, সাম্প্রতিক এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব।

তিনি সতর্ক করেছেন, যদি অব্যবস্থা ও অবহেলা চলতে থাকে, তবে সাধারণ জনগণকে প্রতিনিয়ত ঝুঁকির মুখোমুখি হতে হবে এবং এটি দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য গভীর হুমকি হিসেবে বিবেচিত হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত