ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ দৌড়ে শক্ত অবস্থানে বাংলাদেশ

২০২৬ মার্চ ১৬ ১০:৪৮:৫০

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ দৌড়ে শক্ত অবস্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল টাইগাররা।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজনৈতিক কারণে অংশ নিতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তনটা হয়েছে দারুণভাবে। ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে হারিয়ে সমর্থকদের সামনে নতুন আত্মবিশ্বাসের বার্তা দিয়েছে দলটি।

তিন ম্যাচের সিরিজে শুরুটা ছিল বাংলাদেশের জন্য দুর্দান্ত। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় স্বাগতিকরা। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দারুণ লড়াই করে ১১ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

আগামী বছরের ৩১ মার্চ প্রকাশিত র‍্যাংকিংয়ের ভিত্তিতে নির্ধারিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া দলগুলো। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি র‍্যাংকিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। এছাড়া সহ-স্বাগতিক নামিবিয়াও সরাসরি খেলবে।

যদি দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ের শীর্ষ আটের মধ্যেই থাকে, তবে অতিরিক্ত একটি সুযোগ পাবে নবম স্থানে থাকা দলটি। ফলে বাংলাদেশের লক্ষ্য অন্তত শীর্ষ নয় দলের মধ্যে অবস্থান ধরে রাখা। আপাতত সেই লক্ষ্যপথেই এগোচ্ছে দলটি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর র‍্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলেছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এখন টাইগারদের অবস্থান নবম। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারানোর পরও তারা দশম স্থানে ছিল।

সিরিজ শুরুর সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬। পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর ফলে তা বেড়ে এখন দাঁড়িয়েছে ৭৯। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে ৭৭ হওয়ায় তারা নেমে গেছে দশম স্থানে।

অন্যদিকে সিরিজ হারলেও পাকিস্তান এখনও র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে রয়েছে। তবে তাদের রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে এখন ১০২-এ নেমে এসেছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত