ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতীক পেলেন ছয় প্রার্থী

২০২৬ মার্চ ১৫ ১৮:২০:২২

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতীক পেলেন ছয় প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: শেরপুর-৩ এবং বগুড়া-৬ সংসদীয় আসনের আসন্ন নির্বাচনে তিনজন করে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। রোববার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, ফলে সোমবার থেকে তারা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এ আসনে মোট তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। রোববার তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে নতুন তফসিল ঘোষণা করে এ আসনে আবার নির্বাচনের আয়োজন করা হয়।

অন্যদিকে বগুড়া-৬ সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, এই আসনের নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রোববার তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীক নিয়ে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, বর্তমানে এই আসনে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক ও ভালো রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী হন। তবে সংসদে একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত